আফগানিস্তান সিরিজ চূড়ান্ত, কার্যত শেষ ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা

সেপ্টেম্বরে ভারতীয় দলকে আতিথ্য দেওয়ার যে আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরে রেখেছিল, সেটি কার্যত শেষ হয়ে গেল। বিসিসিআইয়ের সম্মতিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সিরিজের তিনটি ম্যাচ আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সোমবার নিজেদের বাণিজ্যিক অংশীদারদের পাঠানো চিঠিতে সূচিটি নিশ্চিত করেছে।
এই সূচির সঙ্গে সরাসরি সংঘর্ষ হচ্ছে ভারতের প্রস্তাবিত বাংলাদেশ সফরের। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা করেছিল। সেই সূচিতে ওয়ানডে তিনটি হওয়ার কথা ছিল ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ছিল ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর।
অথচ একই ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। ফলে বিসিবির তৈরি করা সূচি অনুযায়ী ছয় ম্যাচের বাংলাদেশ সফর আয়োজনের আর বাস্তবসম্মত সুযোগ থাকছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বাণিজ্যিক অংশীদারদের পাঠানো চিঠিতে লিখেছেন, ‘১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারত-আফগানিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। সূচির তারিখগুলো বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হয়েছে এবং ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত।’
দুই বোর্ড এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সম্প্রচারস্বত্বের মালিকদের প্রস্তুতি শুরু করতে বলেছে আফগানিস্তান বোর্ড। প্রচারণা, সম্প্রচার পরিকল্পনা, প্রয়োজনীয় লোকবল ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত সূচি অনুযায়ী এগিয়ে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই ক্রিকবাজ জানিয়েছিল, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে ভারত-আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও বাংলাদেশের কারণে তারিখগুলো তখনো চূড়ান্ত করা হয়নি। বিসিবির আশা ছিল, ভারত বাংলাদেশে এলে আফগানিস্তান সিরিজের সূচি পিছিয়ে দেওয়া হবে। নতুন চিঠিতে বিসিসিআইয়ের সম্মতির কথা উল্লেখ করায় সেই সম্ভাবনাও এখন প্রায় শেষ।
গত ৯ আগস্ট বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছিল, বাংলাদেশ সফরের বিষয়ে তারা ভারত সরকারের অনুমতি ও নির্দেশনা চাইবে। বিসিবি সফরটি আয়োজনের অনুরোধ জানিয়ে বিসিসিআইকে চিঠিও দিয়েছিল। তবে তার দুই দিনের মধ্যেই আফগানিস্তান সিরিজের সূচিতে বিসিসিআইয়ের সম্মতির খবর এল।
শেষ মুহূর্তে দুই দেশের সরকারের হস্তক্ষেপ কিংবা বড় ধরনের সূচি পরিবর্তন ছাড়া তাই ভারতের বাংলাদেশ সফর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। প্রস্তাবিত সফর শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা, দল কিংবা সম্প্রচার পরিকল্পনা প্রকাশ করেনি বিসিবি।
আফগানিস্তান অবশ্য সিরিজের একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিনে আয়োজনের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করছে। প্রথম অথবা দ্বিতীয় টি-টোয়েন্টির তারিখ বদলানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এক দিনের এই সম্ভাব্য পরিবর্তনও বাংলাদেশের ছয় ম্যাচের সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় তৈরি করবে না।
এই সিরিজের মাধ্যমে প্রথমবার কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতকে আনুষ্ঠানিকভাবে আতিথ্য দেবে আফগানিস্তান। ম্যাচগুলো ভারতের মাটিতে হলেও কাগজে-কলমে স্বাগতিক দল থাকবে আফগানিস্তান
.png)


