logo

পাকিস্তান ইস্যুতে আইসিসির বোর্ড সভা হয়নি

পাকিস্তান ইস্যুতে আইসিসির বোর্ড সভা হয়নি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের ঘোষণাকে ঘিরে এখনো কোনো আনুষ্ঠানিক আইসিসি বোর্ড সভা হয়নি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে জরুরি সভার খবর ছড়ালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক বোর্ড পরিচালকের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বৈঠকের তথ্য তাদের কাছে নেই।

ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পাকিস্তান সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাচে না নামার ইঙ্গিতের পর থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি সূত্রের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত সিদ্ধান্ত জানায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণাকে অফিসিয়াল যোগাযোগ হিসেবে গণ্য করা হচ্ছে না।

আইসিসি বোর্ডে মোট ১৬ সদস্য রয়েছেন। তাদের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, বোর্ড পর্যায়ে এই মুহূর্তে কোনো বৈঠক নির্ধারিত হয়নি এবং বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়নি। পরিস্থিতি এখনো ‘স্ট্যাটাস কো’ অবস্থাতেই রয়েছে।

ক্রিকেট মহলে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত পিসিবি আইসিসির নির্ধারিত সূচি মেনেই ম্যাচে অংশ নিতে পারে। অতীতেও এমন উদাহরণ রয়েছে— গত এশিয়া কাপে পাকিস্তান শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় রেখে নির্ধারিত সময়ের অল্প আগে ম্যাচ খেলতে সম্মত হয়েছিল।

এদিকে আইসিসি আগেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। সংস্থাটি জানিয়েছে, নির্বাচিতভাবে অংশগ্রহণ বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইসিসির ভাষ্য অনুযায়ী, তাদের টুর্নামেন্টগুলো গড়ে উঠেছে ক্রীড়াসুলভ মানসিকতা, প্রতিযোগিতামূলক ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে— যেখানে নির্দিষ্ট ম্যাচ বর্জন প্রতিযোগিতার চেতনা ও পবিত্রতাকে ক্ষুণ্ন করে।

ম্যাচের বাকি এখনো প্রায় দুই সপ্তাহ। এই সময়ের মধ্যে পিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্তই নির্ধারণ করবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ মাঠে গড়াবে, নাকি প্রশাসনিক টানাপোড়েনেই আটকে থাকবে।