logo

ভারত-পাকিস্তান-বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

ভারত-পাকিস্তান-বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে নতুন মোড়ের ইঙ্গিত মিলছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বয়কট সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও তুলেছে তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি খুব শিগগিরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে বয়কট সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা চাইবেন। লাহোরে আইসিসি ও পিসিবির বৈঠকে উপস্থিত থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নকভির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুধু বাংলাদেশই নয়, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)ও পাকিস্তানকে ভারত ম্যাচ নিয়ে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘নকভি প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাত বোর্ডের সঙ্গে হওয়া যোগাযোগ এবং আইসিসির সঙ্গে আলোচনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।’

তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপরই নির্ভর করছে এবং সরকারি নির্দেশনা মেনেই পিসিবিকে পদক্ষেপ নিতে হবে।

এদিকে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ যৌথভাবে নতুন কিছু দাবিও তুলেছে। এর মধ্যে রয়েছে—ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরুজ্জীবনের উদ্যোগ এবং ভারত-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব। যদিও এসব প্রস্তাব আইসিসি কতটা গুরুত্ব দেবে, তা এখনও স্পষ্ট নয়।

আইসিসি তাদের অবস্থানে অনড় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি মনে করছে, সদস্য অংশগ্রহণ চুক্তি (এমপিএ) এবং ২০২৪ সালের হাইব্রিড মডেল সংক্রান্ত সমঝোতা অনুযায়ী পাকিস্তানের ম্যাচ বয়কটের যৌক্তিক ভিত্তি নেই।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের অবস্থান নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ভারত সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে সম্মতি দেওয়া বিসিসিআইয়ের পক্ষে কঠিন বলেই ধারণা করা হচ্ছে। একইভাবে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না এলে বাংলাদেশ সফর নিয়েও সংশয় থেকে যাচ্ছে।

সব মিলিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে কূটনৈতিক ও ক্রীড়া অঙ্গনের টানাপোড়েনের মাঝেই নতুন আলোচনার দ্বার খুলেছে—যেখানে বয়কটের বদলে আপস ও বিকল্প আয়োজনের সম্ভাবনাও এখন আলোচনায় উঠে আসছে।