বৈভবের বিশ্বরেকর্ডে জিম্বাবুয়েকে ধবলধোলাই করল ভারত

বয়স মাত্র ১৫ বছর। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই কিশোর। তার ব্যাটে ভর করে ৩-০ ব্যবধানে সিরিজও জিতেছে ভারত।
রোববার হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৫ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান তোলে ভারত। জবাবে ৭ উইকেটে ১৫৭ রানে থামে স্বাগতিকেরা।
টস জিতে ব্যাটিং নেওয়া ভারতের শুরুটা অবশ্য ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই ২ রান করে ব্লেসিং মুজারাবানির বলে আউট হন অভিষেক শর্মা। এরপর ইশান কিশানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন বৈভব।
আগের ম্যাচগুলোর তুলনায় এদিন শুরুতে অনেক বেশি সতর্ক ছিলেন ভারতীয় ওপেনার। অতিরিক্ত বাউন্সের বিপক্ষে তাড়াহুড়ো না করে খারাপ বলের অপেক্ষা করেছেন। উইকেটে থিতু হওয়ার পর অবশ্য ফিরেছেন নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলায়।
৩১ বলে ফিফটি পূর্ণ করেন বৈভব। এর মাধ্যমে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর হওয়ার আগেই একাধিক ফিফটি করা প্রথম ক্রিকেটার হয়ে যান তিনি। সিরিজের প্রথম ম্যাচেও মাত্র ১৯ বলে ৫০ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।
ইশান কিশান ২৬ বলে ২৯ রান করে সিকান্দার রাজার বলে বোল্ড হওয়ার পর বৈভবের সঙ্গে ৫০ রানের আরেকটি জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস। ১৮ বলে ২৭ রান করেন তিনি।
প্রথম আন্তর্জাতিক শতকের দিকেই এগোচ্ছিলেন বৈভব। তবে ১৫তম ওভারে ওয়েসলি মাধেভেরের বলে লং অফে ব্র্যাড ইভান্সের অসাধারণ ক্যাচে থামে তার ইনিংস। ৪৯ বলে ৮১ রান করতে আটটি চার ও চারটি ছক্কা মারেন তিনি।
শেষ দিকে রিংকু সিংয়ের ১৪ বলে ২৫ রানে ১৯২ পর্যন্ত পৌঁছায় ভারত। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স ৪১ রানে নেন দুটি উইকেট।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন মায়াঙ্ক যাদব। এরপর যশ ঠাকুর পরপর দুই বলে ডিওন মায়ার্স ও জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করেন। প্রথম বলেই ফিরে যান রাজা। ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।
রায়ান বার্ল ও ওয়েসলি মাধেভেরে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করে প্রতিরোধ গড়েছিলেন। মাধেভেরে ২৮ রান করে মায়াঙ্কের বলে আউট হন। বার্ল অপরাজিত ৫৪ রান করলেও প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেননি।
ভারত পাঁচটি ক্যাচ ছেড়েছে, যা পুরুষদের টি-টোয়েন্টিতে তাদের যৌথ সর্বোচ্চ। তবে সেই সুযোগ কাজে লাগানোর মতো ব্যাটিং শক্তি দেখাতে পারেনি জিম্বাবুয়ে। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার মায়াঙ্ক।
তিন ম্যাচে ৫০, ২০ ও ৮১ রান করে সিরিজের সর্বোচ্চ ১৫১ রান করেছেন বৈভব। তার স্ট্রাইক রেট ছিল ১৯৬.১০। তৃতীয় ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে ১৫ বছর বয়সী এই ব্যাটারের হাতে।
.png)





