logo
Advertisement

তিন উইকেট তুলে নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

এশিয়া পোস্ট ডেস্ক
তিন উইকেট তুলে নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের শেষ বিকেল জমে উঠেছে দারুণভাবে। ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চা-বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১১৬ রান। জিততে এখনো তাদের দরকার ১৫২ রান, হাতে আছে ৭ উইকেট। অন্যদিকে বাংলাদেশ জানে, শেষ সেশনে এক-দুটি দ্রুত উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Advertisement

পাকিস্তানের আশা টিকিয়ে রেখেছেন অভিষিক্ত আবদুল্লাহ ফজল। প্রথম ইনিংসে ৬০ রান করা এই বাঁহাতি দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দৃঢ়তা দেখিয়েছেন। চা-বিরতিতে তিনি অপরাজিত ৬৬ রানে। ১১২ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার। তার সঙ্গে ২১ রানে অপরাজিত আছেন সালমান আগা।

তবে ফজলের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। মেহেদী হাসান মিরাজের এক ডেলিভারি তাঁর ব্যাট-প্যাডের ফাঁক গলে বেইলে লেগেছিল, কিন্তু বেইল পড়েনি। সেই সুযোগ কাজে লাগিয়ে পরে আরও সাবলীল হন ফজল। সেশন শেষের দিকে গরম ও আর্দ্রতায় কিছুটা অস্বস্তিতেও পড়েন তছিলেন।

বাংলাদেশ শুরুটা পেয়েছিল প্রায় আদর্শভাবে। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের কাছাকাছি দারুণ লাইনে বল করে ইমামের ব্যাটের কানায় লাগান তিনি, লিটন দাস নেন সহজ ক্যাচ। লাঞ্চের আগেই এই উইকেট বাংলাদেশকে বড় প্রেরণা দিয়েছিল।

লাঞ্চের পর মিরাজ আঘাত করেন দ্রুত। আজান আওয়াইসকে বোল্ড করে পাকিস্তানকে দ্বিতীয় ধাক্কা দেন তিনি। এরপর নাহিদ রানার গতিতে ফেরেন শান মাসুদ। ব্যাক অব লেংথ থেকে সোজা হয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন পাকিস্তান অধিনায়ক। তখন পাকিস্তানের স্কোর ৭২/৩।

এরপর ফজল ও সালমান মিলে আর কোনো বিপদ হতে দেননি। মিরাজ ও তাইজুল ইসলাম বল ঘুরিয়েছেন, কোথাও কোথাও অসম বাউন্সও দেখা গেছে। কিন্তু পাকিস্তানের চতুর্থ উইকেট জুটি এখন পর্যন্ত ম্যাচটাকে তাদের নাগালের মধ্যেই রেখেছে।

শেষ সেশনে হিসাব তাই পরিষ্কার। পাকিস্তান চাইবে ফজলকে কেন্দ্র করে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে। বাংলাদেশ চাইবে মিরাজ-তাইজুলের স্পিন ও নাহিদ-তাসকিনের পেসে দ্রুত ভাঙন ধরাতে। মিরপুরে এখন ম্যাচ জেতার দরজা দুই দলের জন্যই খোলা।

বিষয় :