logo

ম্যাচ জিতেও শাস্তি পেলেন গিল

ম্যাচ জিতেও শাস্তি পেলেন গিল

আইপিএল গুজরাটের চলতি মৌসুমের প্রথম রুদ্ধশ্বাস জয়ে রাতটা নিজের করে নিয়েছিলেন শুভমান গিল। কিন্তু ম্যাচ শেষে স্বস্তিটা আর থাকল না। ধীরগতির ওভার রেটের কারণে গুজরাট টাইটান্স অধিনায়ককে জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএলের আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় গিলকে প্রায় ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চলতি মৌসুমে এটি তার দলের প্রথম অপরাধ, তবে একই ভুল আবার হলে শাস্তি আরও বাড়বে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি ছিল এই আসরের প্রথম দিকের বড় থ্রিলারগুলোর একটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। গিল বল তুলে দেন প্রসিদ্ধ কৃষ্ণার হাতে, যিনি শেষ পর্যন্ত চাপ সামলে দলকে জয় এনে দেন।

ম্যাচে আগে ব্যাট করে গুজরাট তোলে ২১০ রান। গিল খেলেন ৪৫ বলে ৭০ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেন জস বাটলার ও ওয়াশিংটন সুন্দর, দুজনই করেন অর্ধশতক।

জবাবে দিল্লি ক্যাপিটালসও লড়াই জমিয়ে তোলে। অধিনায়ক লোকেশ রাহুলের ৯২ রানের ইনিংসে জয়ের সম্ভাবনা জাগে। শেষ দিকে ডেভিড মিলার চেষ্টা চালালেও শেষ বলে রান আউট হয়ে যায় কুলদীপ যাদব, আর তাতেই এক রানের হার নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।

তবে ম্যাচের উত্তেজনার মাঝেই গিলের জন্য সতর্কবার্তাও দিয়ে দিল বোর্ড। আবার এমন ভুল হলে জরিমানা দ্বিগুণ হতে পারে, এমনকি এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।