‘তুমি এখন বাংলাদেশে নেই’, মিরাজকে কেন এ কথা বললেন স্টার্ক?

ডারউইন টেস্টের প্রথম দুই দিন অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। সেই চাপের ছাপ পড়েছে অজি পেসার মিচেল স্টার্কের মেজাজেও। দ্বিতীয় দিনের শেষ ভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।
ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। নিজের ২১তম ওভার করছিলেন স্টার্ক। ওভারের পঞ্চম বলে পয়েন্ট অঞ্চলে বল ঠেলে এক রানের জন্য দৌড় দেন মিরাজ। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে থাকা স্টার্ককে প্রথমে দেখতে পাননি তিনি।
স্টার্কের ফলো-থ্রু এড়াতে গিয়ে পিচের মাঝের সংরক্ষিত অংশ দিয়ে দৌড়ান মিরাজ। বিষয়টি নজরে পড়তেই তাঁর দিকে এগিয়ে যান আম্পায়ার কুমার ধর্মসেনা। পিচের সংরক্ষিত অংশ দিয়ে না দৌড়াতে বাংলাদেশি ব্যাটারকে সতর্ক করেন তিনি।
এ সময় মিরাজের ওপর ক্ষোভ প্রকাশ করেন স্টার্ক। স্টাম্প মাইক্রোফোনে অস্ট্রেলিয়ান পেসারকে বলতে শোনা যায়, ‘এটি আমার ফলো-থ্রু, তোমার ফলো-থ্রু নয়। উইকেট থেকে সরে যাও।’
মিরাজ সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি দেখতে পাইনি। আমি দেখতে পাইনি। সত্যিই দেখিনি।’
সেখানেই থামেননি স্টার্ক। নিজের বোলিং প্রান্তে ফিরে যাওয়ার সময় মিরাজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি এখন বাংলাদেশে নেই।’
তবে ঘটনাটিতে মিরাজের কোনো ইচ্ছাকৃত ভুল দেখছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, বলের দিকে তাকিয়ে থাকায় মিরাজ সামনে থাকা স্টার্ককে দেখতে পাননি। মাথা তুলে তাকানোর পর স্টার্ককে সামনে পেয়ে সবচেয়ে ছোট পথ ধরে দৌড় শেষ করেছেন তিনি।
পন্টিং বলেন, ‘আমার মনে হয় না, কাজটি সে ইচ্ছাকৃতভাবে করেছে। যখন সে সামনে তাকিয়েছে, তখন স্টার্ক তার পথে ছিল। তাই সে পিচের মাঝের দিক দিয়ে চলে গেছে।’
সহধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনের মতে, দীর্ঘ সময় মাঠে থাকার হতাশাই স্টার্কের প্রতিক্রিয়ায় প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি দীর্ঘ ও কঠিন একটি দিন ছিল। তাদের হতাশা এখন প্রকাশ পেতে শুরু করেছে।’
বাক্যবিনিময়ের পর অবশ্য ঘটনাটি আর বাড়েনি এবং খেলা স্বাভাবিকভাবেই চলতে থাকে। মিরাজও মনোযোগ হারাননি। হাসান মাহমুদকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে দিনের বাকি সময় পার করেন তিনি।
শেষ বলে মিরাজকে ফেরানোর সুযোগও পেয়েছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনের বলে গালিতে তাঁর ক্যাচ ফেলে দেন ক্যামেরন গ্রিন। যদিও রিপ্লেতে লাবুশেনের পা নির্ধারিত সীমা অতিক্রম করার ইঙ্গিত পাওয়া যায়।
দিন শেষে ৩২ রানে অপরাজিত আছেন মিরাজ। হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। প্রথম ইনিংসে ১৯৮ রান করা অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে সফরকারীরা।



