ব্রুকের ক্যারিয়ারসেরা ইনিংসে ইংল্যান্ডের ১১৯ রানের জয়

ম্যাচের ফলের চেয়ে আলোচনায় হ্যারি ব্রুকের ব্যাট। মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়ে শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তার ক্যারিয়ারসেরা অপরাজিত ১১৪ রানে ভর করে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
সাউদাম্পটনে ৪৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকেন ব্রুক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ৪২ বলে তিন অঙ্ক ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করেন তিনি।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ব্রুক। ডুনিথ ওয়েলালাগের এক ওভারেই ছয়, চার, চার, ছয়, ছয় ও চার মেরে তুলে নেন ৩০ রান। তাঁর ফিফটি আসে মাত্র ২০ বলে।
ব্রুকের তাণ্ডবে সঙ্গী ছিলেন জস বাটলারও। ৪৪ বলে ৮০ রান করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। দ্বিতীয় উইকেটে দুজনের ৬০ বলের ১২৮ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকেরা। পাওয়ার প্লেতেই ইংল্যান্ড তোলে ১ উইকেটে ৯০ রান, যা টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ।
শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই পথ হারায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে ৩ উইকেটে তাদের সংগ্রহ ছিল মাত্র ৩২। ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭১। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
বল হাতে ইংল্যান্ডের সেরা সনি বেকার। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ১৩তম জয় পেল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজেও তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
ম্যাচসেরা ব্রুক দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আজকের পারফরম্যান্স আমার কাছে প্রায় নিখুঁত মনে হয়েছে।’
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার কার্ডিফে।


