শোচনীয় হারের সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশকে

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হার দিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেই হারের রেশ কাটতে না কাটতেই এল আরও একটি দুঃসংবাদ। নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা জানিয়েছে আইসিসি। গত শনিবার আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ।
আইসিসি জানিয়েছে, ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ। সময়ের জন্য নির্ধারিত ছাড় বিবেচনায় নিয়েও এই ঘাটতি পাওয়া যায়। এরপর আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট জরিমানা করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় জরিমানার পরিমাণও ৫ শতাংশ।
বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি অভিযোগটি আনেন।
এর আগে শনিবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৯৯ রানের বড় পরাজয় দিয়ে সিরিজ শুরু করে তাওহিদ হৃদয়ের দল।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার (২১ অক্টোবর), শারজায় আফগানিস্তানের বিপক্ষে।
