logo

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের বড় উপস্থিতি

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের বড় উপস্থিতি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর আসন্ন নিলামে উল্লেখযোগ্য সংখ্যায় নাম তুলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রকাশিত নিবন্ধিত তালিকা অনুযায়ী, জাতীয় দলের প্রতিষ্ঠিত তারকা থেকে শুরু করে তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার—মোট ২৩ বাংলাদেশি খেলোয়াড় নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ মূল্য ধরা হয়েছে মুস্তাফিজুর রহমানের। বাঁহাতি এই পেসারের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড। এর পরের উচ্চ ক্যাটাগরিতে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যার রিজার্ভ মূল্য ৭৫ হাজার পাউন্ড। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রিশাদের উত্থান তাকে ফ্র্যাঞ্চাইজি বাজারে আলাদা করে নজর কাড়িয়েছে।

৩১ হাজার পাউন্ড রিজার্ভ মূল্যে তালিকাভুক্ত হয়েছেন জাতীয় দলের একাধিক নিয়মিত মুখ। এ তালিকায় রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, মাহেদী হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এবারের নিলাম। নতুন বিনিয়োগ কাঠামোর অধীনে এবার প্রথমবারের মতো দুই দিনব্যাপী নিলাম হচ্ছে, যেখানে পুরুষ দলের বেতনসীমা বাড়িয়ে করা হয়েছে ২০ লাখ ৫০ হাজার পাউন্ড। ফলে বিদেশি ক্রিকেটারদের জন্য সুযোগ যেমন বাড়ছে, তেমনি প্রতিযোগিতাও হবে কঠিন।

একই নিলামে পাকিস্তানের ৬৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন বলে বিবিসি জানিয়েছে। তবে বাংলাদেশের দিক থেকে বড় সংখ্যায় নিলামে অংশগ্রহণ করলেও সুযোগ পাওয়া কঠিন হবে। 

এখন দেখার বিষয়, মার্চের নিলামে কতজন বাংলাদেশি ক্রিকেটার দল পান এবং কারা নতুন করে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি মঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারেন।