logo

হর্ষিত রানার বদলি হিসেবে সাইনিকে দলে নিল কলকাতা

হর্ষিত রানার বদলি হিসেবে সাইনিকে দলে নিল কলকাতা

আইপিএল শুরুর আগেই স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইনজুরির কারণে ছিটকে যাওয়া হর্ষিত রানার পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার নভদীপ সাইনিকে।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার পর চোটের কারণে আইপিএল থেকেও ছিটকে যান হর্ষিত রানা। এরপর বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সাইনিকেই বিকল্প হিসেবে বেছে নেয় কলকাতা।

এর আগেও স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে দলটিকে। পেসার আকাশ দীপের বদলে ইতোমধ্যেই সৌরভ দুবেকে দলে নিয়েছিল কেকেআর।

নভদীপ সাইনি ২০১৯ সালে আরসিবির হয়ে আইপিএলে অভিষেক করেন। সেই মৌসুমে ১৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। পরবর্তী দুই মৌসুমেও আরসিবির হয়ে খেলেন, এরপর রাজস্থান রয়্যালসে যোগ দেন।

আইপিএলে এখন পর্যন্ত তার সংগ্রহ ২৩ উইকেট। পারফরম্যান্সের জোরে ভারতের জাতীয় দলের জার্সিতেও সুযোগ পেয়েছেন তিনি।

অন্যদিকে, গুজরাট টাইটান্সও স্কোয়াডে পরিবর্তন এনেছে। তারা পৃথ্বীরাজ ইয়ারার বদলে দলে নিয়েছে কুলওয়ান্ত খেজরোলিয়াকে।

আগামী ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে কলকাতা। অন্যদিকে, গুজরাট তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ মার্চ, পাঞ্জাব কিংসের বিপক্ষে।