নতুন বিধিনিষেধ জারি করল বিসিবি

নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় প্রবেশসংক্রান্ত নতুন বিধিনিষেধ কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে এবং সাংবাদিকসহ স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য হবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী গণমাধ্যমকর্মীদের জন্য শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশের একমাত্র গেট নির্ধারণ করা হয়েছে গেট নম্বর–১। অন্য কোনো গেট দিয়ে সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকবে না।
এ ছাড়া নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, কেবল ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ড কর্তৃক পূর্বঘোষিত নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন চলাকালে সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
বিসিবি জানিয়েছে, স্টেডিয়াম ও বিসিবি কার্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।