‘আইসিসি বুঝবে এবার এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই, অথচ বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তান থেকেও সম্ভাব্য বয়কটের গুঞ্জন ছড়িয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এই প্রেক্ষাপটে আইসিসির কড়া সমালোচনা করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, পিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে বর্তমান পিসিবি সভাপতি মহসিন নাকভির ওপর আস্থা রাখার কথাও জানান শেঠি।
নাজাম শেঠির ভাষ্য, ‘বাংলাদেশ তাদের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী করে। মহসিন নাকভি পরিস্থিতি বোঝেন এবং সব দিক বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে।’
আইসিসির বিরুদ্ধে বিসিবির দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়ে শেঠি আরও বলেন, অন্য কোনো দেশ যদি পাকিস্তানের মতো শক্ত অবস্থান নেয়, তাহলে আইসিসি বুঝতে বাধ্য হবে যে এটি কোনো একক দেশের স্বার্থরক্ষাকারী সংস্থা নয়। তার মন্তব্য, ‘যদি পাকিস্তানের পর আরও কোনো দেশ দৃঢ়ভাবে দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে— এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’
এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও পিসিবিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়েছিলেন। তার মতে, পাকিস্তানের অংশগ্রহণ না করলে টুর্নামেন্ট বড় সংকটে পড়তে পারে এবং বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই উপযুক্ত সময়।
পাকিস্তানি গণমাধ্যমের আরেকটি প্রতিবেদনে পিসিবি সূত্রের বরাতে বলা হয়েছে, যদি আইসিসি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে পাকিস্তানও একই পথে হাঁটার কথা বিবেচনা করতে পারে।
সব মিলিয়ে, বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্ব এখন শুধু একটি দলের অংশগ্রহণের প্রশ্নে সীমাবদ্ধ নেই। দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে এটি নতুন মাত্রা যোগ করেছে।