মায়ের অনুপ্রেরণায় এবার ম্যাচ রেফারি কাইনাত

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ করলেন পাকিস্তানের কাইনাত ইমতিয়াজ। তবে ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না পাকিস্তানের এই পেসার। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এবার ম্যাচ রেফারি হিসেবে নতুন পথচলা শুরু করেছেন তিনি। আর সেই পথটিও তার পরিবারের কাছে একেবারে অপরিচিত নয়। মা সালিমা ইমতিয়াজ আগেই পাকিস্তান ক্রিকেটে ম্যাচ অফিসিয়াল হিসেবে ইতিহাস গড়েছেন।
৩৪ বছর বয়সী কাইনাত রোববার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পাকিস্তানের হয়ে ১৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
তবে অবসরের ঘোষণার আগেই নতুন ভূমিকায় কাজ শুরু হয়ে গেছে তার। আগস্ট ও সেপ্টেম্বরে করাচিতে অনুষ্ঠিত পিসিবি জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন কাইনাত।
ক্রিকেট মাঠে তার নতুন পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে মায়ের গল্পও।
কাইনাতের মা সালিমা ২০২৪ সালে আইসিসির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পাওয়া পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হন। ২০০৮ সালে পিসিবির নারী আম্পায়ারিং প্যানেলে যাত্রা শুরু করা সালিমা এখন পর্যন্ত ৯টি নারী ওয়ানডে ও ৬৯টি নারী টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
চলতি বছর আরেকটি ইতিহাসও গড়েছেন তিনি। প্রথম পাকিস্তানি নারী হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সালিমা।
মায়ের সেই পথেই এবার ভিন্ন ভূমিকায় যোগ হলেন কাইনাত। একজন আম্পায়ার, অন্যজন ম্যাচ রেফারি।
খেলোয়াড় কাইনাতের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের অক্টোবরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। পরের বছর বাংলাদেশের ফতুল্লায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম ওয়ানডে।
ওয়ানডেতে ১০ ও টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ডানহাতি এই পেসার।
সংখ্যার চেয়ে অবশ্য তার ক্যারিয়ারে বড় হয়ে আছে কয়েকটি আসর। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী পাকিস্তান নারী দলের সদস্য ছিলেন কাইনাত। ২০১৭ নারী ওয়ানডে বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন। ২০২২ কমনওয়েলথ গেমসের দলেও ছিলেন তিনি।
জাতীয় দলের জার্সিতে তার শেষ টি-টোয়েন্টিও হয়েছিল বাংলাদেশে। ২০২২ সালের অক্টোবরে সিলেটে থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন সেই ম্যাচ। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এরপর প্রায় চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয়নি।
এই সময়ের মধ্যে ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। ২০২৪ সালের জুনে কন্যাসন্তানের মা হন কাইনাত। পরিবার ও ক্রিকেট দুটোকেই সামলে এবার তিনি বেছে নিয়েছেন মাঠে থাকার নতুন পথ।
