logo

পিএসএল চুক্তি ভাঙায় মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে পিসিবি

পিএসএল চুক্তি ভাঙায় মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে পিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুক্তি ভঙ্গ করার অভিযোগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএলের ১১তম আসরে ইসলামাবাদ ইউনাইটেড তাকে দলে নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের বদলি হিসেবে প্রায় ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে চুক্তিবদ্ধ করা হয়।

তবে পরে তিনি পিএসএলে না খেলে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি এবং চুক্তি ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

টানা দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল, যেখানে পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় পরে আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন। গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ পেশোয়ার জালমির হয়ে খেলার কথা থাকলেও পরে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। পরে তাকে পিএসএলে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়।

এদিকে মুজারাবানি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে সুপার এইট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সূত্র: জিও নিউজ