বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেলেন মুস্তাফিজ

বল হাতে ধারাবাহিক উজ্জ্বলতায় আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ২০২৫ সালের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। বিশ্বের সেরা টি-টোয়েন্টি পারফর্মারদের নিয়ে গড়া এই দলে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি।
২০২৫ সালে সব মিলিয়ে ৪৩টি টি-টোয়েন্টিতে ৬.৭৮ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জাতীয় দলের হয়ে ২০ ম্যাচে তার শিকার ২৬ উইকেট, যেখানে ইকোনমি ছিল মাত্র ৬.০৯, যা আধুনিক টি-টোয়েন্টিতে অত্যন্ত কৃতিত্বপূর্ণ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সমান প্রভাবশালী ছিলেন তিনি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নেন ১৩ উইকেট। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪ উইকেট পেলেও বছর শেষ করেন দুর্দান্তভাবে— ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের অন্যতম সেরা বোলার হন।
রংপুর রাইডার্সের হয়ে গত বিপিএলে মাত্র একটি ম্যাচ খেললেও সেই ম্যাচেই ৩৪ রানে ১ উইকেট নেন। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে সেরা বোলিং গড় (১৮.০৩) মুস্তাফিজের, যা তাকে বিশ্বের এলিট টি-টোয়েন্টি বোলারদের কাতারে দাঁড় করিয়েছে।
উইজডেনের একাদশে তার সঙ্গে পেস আক্রমণে আছেন জেসন হোল্ডার, স্যাম কারান ও জ্যাকব ডাফি। স্পিন বিভাগে সুনিল নারিন ও বরুণ চক্রবর্তী জায়গা পেয়েছেন। ব্যাটিংয়ে আছেন অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিড।
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ (২০২৫) :
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।