ইতিহাস গড়ল প্রথমবারের মতো রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীর

ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করল জম্মু ও কাশ্মীর। ৯১তম রঞ্জি ট্রফির ফাইনালে কর্ণাটককে প্রথম ইনিংসে বিশাল লিডে পিছিয়ে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে তারা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১১ মিনিটে দুই অধিনায়ক হাত মেলাতেই আনুষ্ঠানিকতা শেষ হয়। তার আগেই পরিষ্কার ছিল ফল—প্রথম ইনিংসে ২৯১ রানের লিড নেওয়া জম্মু ও কাশ্মীরের হাতেই যাচ্ছে ট্রফি। পঞ্চম দিনের খেলা কার্যত ছিল শুধু সময়ের অপেক্ষা।
ফাইনালে আগে ব্যাট করে ৫৮৪ রানের পাহাড় গড়ে জম্মু ও কাশ্মীর। শুভম পুন্ডির ১২১ ও ইয়াওয়ার হাসানের ৮৮ রানের ইনিংস বড় ভিত গড়ে দেয়। কর্ণাটকের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণ ৫ উইকেট নিলেও রান আটকাতে পারেননি।
জবাবে কর্ণাটক প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৯৩ রানে। অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল একাই লড়েছেন, খেলেছেন ১৬০ রানের ইনিংস। কিন্তু অন্য প্রান্ত থেকে সেভাবে সমর্থন মেলেনি। জম্মু ও কাশ্মীরের হয়ে আউকিব নবি ৫৪ রানে ৫ উইকেট নিয়ে আবারও প্রমাণ করেন কেন তিনি এ মৌসুমের সেরা বোলারদের একজন।
দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে আরও রান যোগ করে ম্যাচ ড্রয়ের পথেই এগোয় জম্মু ও কাশ্মীর। কামরান ইকবাল অপরাজিত ১৬০ এবং সাহিল লোত্রা ১০১ রানে অপরাজিত থাকেন। ফলে কর্ণাটকের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় কেবল আনুষ্ঠানিকতা রক্ষা করা।
ধীরগতির উইকেটে শেষ দিনে কর্ণাটকের লড়াই ছিল নিষ্প্রভ। এমনকি পার্টটাইম বোলারদের ব্যবহারও দেখা যায়, যা ইঙ্গিত দিচ্ছিল ম্যাচ হাতছাড়া হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার।
পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে জম্মু ও কাশ্মীর। গ্রুপ পর্বে মুম্বাইয়ের বিপক্ষে স্মরণীয় জয়, দিল্লিকে তাদের ঘরের মাঠে হারানো, এরপর নকআউটে মধ্যপ্রদেশ ও বেঙ্গলকে টপকে ফাইনালে ওঠা—সব মিলিয়ে এটি ছিল ধারাবাহিক সাফল্যের গল্প।
বিশেষ করে আউকিব নবি পুরো আসরে ছিলেন অসাধারণ। নকআউট পর্বে পাঁচ ইনিংসে চারবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন এই পেসার।
অধিনায়ক পরশ দোগরার জন্যও এটি আবেগঘন মুহূর্ত। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনটি ভিন্ন দলে খেলে ১০ হাজারের বেশি রান করা এই অভিজ্ঞ ব্যাটার অবশেষে পেলেন প্রথম রঞ্জি শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর:
জম্মু ও কাশ্মীর-৫৮৪ ও ৩৪২/৪
কর্ণাটক-২৯৩
প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে চ্যাম্পিয়ন: জম্মু ও কাশ্মীর