logo

বিসিবি ইস্যুতে লবিংয়ের অভিযোগ তুললেন আসিফ মাহমুদ

বিসিবি ইস্যুতে লবিংয়ের অভিযোগ তুললেন আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফেসবুকে দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক পোস্ট। সেখানে দাবি করা হয়েছে, বোর্ডসংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।

সাবেক এই উপদেষ্টা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে অভিযোগ করেন, একজন পরিচিত ক্রিকেটার আইসিসির সম্ভাব্য পদক্ষেপ এড়াতে সক্রিয়ভাবে যোগাযোগের চেষ্টা করছেন। তার ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ওই ক্রিকেটারের বৈঠক হয়েছে।

পোস্টে আরও বলা হয়, সেই বৈঠকে আইসিসির শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা চাওয়া হয়। অতীতেও বিসিবির নির্বাচন ঘিরে অনুরূপ যোগাযোগের চেষ্টা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

আসিফ মাহমুদ তার পোস্টে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সেখানে আইসিসি কঠোর ব্যবস্থা নিয়েছিল। একই ধরনের কোনো পরিস্থিতি এড়াতেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত বিসিবি বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।