logo

বিশ্বকাপের সাফল্যের পর যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ইতালি ক্রিকেট

বিশ্বকাপের সাফল্যের পর যৌন হয়রানির অভিযোগে তোলপাড় ইতালি ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই নজর কাড়া পারফরম্যান্স। কিন্তু মাঠের সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড় বিতর্কে জড়িয়ে পড়েছে ইতালি ক্রিকেট। নারী দলের এক খেলোয়াড়ের করা যৌন হয়রানির অভিযোগ ঘিরে তোলপাড় দেশটির ক্রিকেট অঙ্গন।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রভাবথ একনেলিগোডা, যিনি ইতালির নারী ক্রিকেট সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতালিয়ান ক্রিকেট বোর্ড Federazione Cricket Italiana (এফসিআরআই) তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের তদন্তাধীন।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যাথলেট ও সংশ্লিষ্ট সবার সুরক্ষা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সব ফেডারেল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত।’

তবে একনেলিগোডার আইনজীবী অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।

বোর্ডের মিডিয়া ম্যানেজার রাকবির হাসান জানিয়েছেন, সাময়িক বরখাস্ত থাকলেও একনেলিগোডা টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে দলের সঙ্গে সফর করেছিলেন। তবে তিনি বিশ্বকাপ প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সদস্য হিসেবে কোনো দায়িত্বে ছিলেন না।

এই অভিযোগের মধ্যেই ইতালি ক্রিকেট বোর্ডে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বকাপ অভিযান শেষে সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মারিয়া লরেনা হাজ পাজ। পাশাপাশি ছয়জন বোর্ড সদস্য পদত্যাগ করায় ফেডারেল কাউন্সিল ভেঙে গেছে। যদিও বোর্ড সূত্র জানিয়েছে, এসব পদত্যাগের সঙ্গে বর্তমান অভিযোগের সরাসরি সম্পর্ক নেই।

এদিকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির পুরুষ দল ছিল আলোচনায়। বিশেষ করে নেপালের বিপক্ষে ১০ উইকেটের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স তাদের প্রশংসা কুড়িয়েছে। যদিও সুপার এইটে উঠতে পারেনি দলটি, তবুও প্রথম অংশগ্রহণেই শক্ত বার্তা দিয়েছে ইতালি।

মাঠের সাফল্যের ঠিক পরেই এমন গুরুতর অভিযোগ দেশটির ক্রিকেট প্রশাসনের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন নজর সবার।