টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা তিনের হিসাব দিলেন সালাউদ্দিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শীর্ষ তিনে দেখার স্বপ্ন দেখছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধানের হিসাবে, বিদেশের মাটিতে সামনে থাকা চার টেস্টের কয়েকটিতে ভালো ফলের পর ঘরের চার ম্যাচ জিততে পারলে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে রোববার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। কঠিন সফরের আগে বাংলাদেশের টেস্ট দল নিয়ে নিজের আশাবাদের কথা জানান জাতীয় দলের সাবেক এই সহকারী কোচ।
সালাউদ্দিন বলেন, ‘আমি টেস্ট দল নিয়ে সব সময় আশাবাদী। কারণ টেস্ট দলে যারা আছে, তারা নিজেদের সম্পর্কে সচেতন। নিজেদের লক্ষ্য ভালোভাবে জানে এবং খুব গোছানো। তাদের ভালো না করার কোনো কারণ দেখি না।’
এরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শীর্ষ তিনে ওঠার সমীকরণ তুলে ধরেন তিনি, ‘বিদেশের চার টেস্টের কয়েকটিতে আমরা ভালো করতে পারলে এবং ঘরের বাকি চার ম্যাচ জিততে পারলে এক, দুই কিংবা তিনের মধ্যে শেষ করতে পারব।’
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে শেষ মুহূর্তে যোগ করা হয়েছে লিটন দাসকে। বাঁ পায়ের পেশির চোটে জুন থেকে মাঠের বাইরে থাকা এই ব্যাটার এরই মধ্যে পুনর্বাসনের বড় অংশ শেষ করেছেন। তবে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই লিটনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সালাউদ্দিন।
আগামী ৬ থেকে ৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। লিটন সেই ম্যাচে খেলতে পারলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতি অনেক সহজ হবে বলে মনে করেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ও আগে যাচ্ছে বলে সেখানে মানিয়ে নেওয়ার সময় পাবে। প্রায় ৪৫ দিন ম্যাচের বাইরে ছিল। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে খুব ভালো হবে। তখন টেস্ট খেলাটা অনেক সহজ হয়ে যাবে। নইলে সরাসরি টেস্টে নামা একটু কঠিন হতে পারে।’
দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফেরা জাকের আলীকেও গুরুত্বপূর্ণ মনে করছেন সালাউদ্দিন। বিশেষ করে চাপের মধ্যে ব্যাটিং এবং নিচের সারির ব্যাটারদের সঙ্গে জুটি গড়ার সামর্থ্যের কারণে জাকের দলের জন্য কার্যকর হতে পারেন বলে তাঁর ধারণা।
সালাউদ্দিন বলেন, ‘জাকেরের চরিত্র অনুযায়ী চাপের মধ্যে ও ভালো করে। ক্রিকেটার হিসেবে সে লড়াকু এবং নিজের দায়িত্ব বোঝে। নিচের সারির ব্যাটারদের সঙ্গে খেলতে পারে এমন একজন ব্যাটার আমাদের প্রয়োজন।’
চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়া নাহিদ রানার অভাবও অনুভব করবেন সালাউদ্দিন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে তরুণ পেসারের গতি ও বাউন্স কার্যকর হতে পারত বলে মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে, নাহিদ থাকলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওর বাউন্সার সামলাতে দেখে খুব রোমাঞ্চিত হতাম। সেটি যেহেতু হচ্ছে না, এখন আর আফসোস করে লাভ নেই। অন্য বোলাররা বুদ্ধিমত্তার সঙ্গে বল করতে পারলে তারাও ভালো করবে।’
১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে।
.png)

