logo
Advertisement

ডিপিএলে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
ডিপিএলে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না ক্রিকেটার ও সংশ্লিষ্টরা। মাঠে ঢোকার পর ফোন জমা দিতে হবে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

শনিবার সংবাদ সম্মেলনে এবারের ডিপিএলের স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। সেখানেই লিগ চলাকালে ড্রেসিংরুমে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি জানান তামিম।

তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’

আগামী সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর চলবে ৪ মে থেকে ১১ জুন পর্যন্ত। এর আগে শুক্রবার লিগের কাঠামো ও সূচি নিয়ে বিস্তারিত জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তামিম। তার মতে, বাংলাদেশের ক্রিকেট কাঠামোয় ঢাকা প্রিমিয়ার লিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতা। গত কয়েক মাস ক্রিকেট কার্যত থমকে থাকায় আসরটি আয়োজন করা সহজ ছিল না।

তামিম বলেন, দায়িত্ব নেওয়ার পর তার ও বোর্ডের অন্য সদস্যদের প্রথম লক্ষ্য ছিল ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া প্রতিযোগিতাগুলো কীভাবে মাঠে ফেরানো যায়। সেই লক্ষ্যে শুরু থেকেই কাজ করেছে বোর্ড।

ক্লাবগুলোর ভূমিকার কথাও আলাদা করে উল্লেখ করেন তামিম। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরপরই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করা হয় এবং তাদের আশ্বস্ত করা হয় যে আগের অনিয়ম বা জটিলতা যেন আর না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে।

তামিমের ভাষায়, শুরুতেই প্রতিটি ক্লাবকে ডেকে কথা বলা হয়েছে। তাদের আস্থা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সবকিছু এবার নিয়মমাফিক হবে। সহযোগিতার জন্য প্রতিটি দলকেও ধন্যবাদ জানান তিনি।