Advertisement

‘ইংল্যান্ডে ধোনি নেই’, ফ্লেমিংকে মনে করালেন ভন

এশিয়া পোস্ট স্পোর্টস
‘ইংল্যান্ডে ধোনি নেই’, ফ্লেমিংকে মনে করালেন ভন
স্টিফেন ফ্লেমিং। ছবি: আইপিএল

ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নিয়োগকে সঠিক সিদ্ধান্ত মনে করেন মাইকেল ভন। তবে সাবেক ইংলিশ অধিনায়কের মতে, নতুন দায়িত্বে চেন্নাই সুপার কিংসের মতো পরিবেশ পাবেন না ফ্লেমিং। বিশেষ করে তার পাশে মহেন্দ্র সিং ধোনির মতো একজন অধিনায়ক থাকবেন না।

বৃহস্পতিবার ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফ্লেমিং। চেন্নাইয়ে ১৭ বছর ধরে ধোনির সঙ্গে তার সফল কোচ-অধিনায়ক জুটি ছিল। এই সময়ে দলটিকে পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে সাহায্য করেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

দ্য টেলিগ্রাফে লেখা কলামে ভন বলেন, ‘আমরা এখন কিছুটা এলোমেলো অবস্থায় আছি। তবে আমি নিশ্চিত, ফ্লেমিং সবকিছু ঠিক করে ফেলবেন এবং দলকে ভালো খেলাবেন।’

ফ্লেমিংয়ের দক্ষতা নিয়ে সংশয় না থাকলেও ইংল্যান্ডে তাঁর সামনে ভিন্ন বাস্তবতা অপেক্ষা করছে বলে মনে করেন ভন, ‘ফ্লেমিং খুবই সম্মানিত একজন কোচ। ভালো ম্যানেজার ও স্ট্রাটেজিস্ট হিসেবেও তার সুনাম আছে। তবে ইংলিশ ক্রিকেটে এসে তিনি বুঝতে পারেন, এখানে অধিনায়ক হিসেবে তার কোনো এমএস ধোনি নেই।’

চেন্নাইয়ের সাফল্যে ধোনির পাশাপাশি শক্তিশালী কোচিং দলের অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন ভন। তার ধারণা, ফ্লেমিংয়ের অধীনে ইংল্যান্ডের বোলিং পরিকল্পনায় শুধু গতির পরিবর্তে দক্ষতা ও সুইংয়ের গুরুত্ব আবার বাড়তে পারে।

আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হলেও ফ্লেমিং পূর্ণ দায়িত্ব নেবেন ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে। এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন ভন। তার মতে, পাকিস্তান সিরিজ থেকেই নতুন কোচের কাজ শুরু করা উচিত ছিল।

ভন বলেন, ‘পাকিস্তান সিরিজ জেতাই একমাত্র উদ্দেশ্য নয়। এটি তথ্য সংগ্রহ, খেলোয়াড়দের বোঝা এবং ইংলিশ ক্রিকেটের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। অ্যাশেজের আগে এজবাস্টনের মতো মাঠ সম্পর্কে জানা এবং কাউন্টি কোচদের সঙ্গে কথা বলা তার জন্য গুরুত্বপূর্ণ।’

পাকিস্তান সিরিজে দায়িত্ব না নিলে অ্যাশেজের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাত্র একটি টেস্টে ইংল্যান্ডকে পরিচালনার সুযোগ পাবেন ফ্লেমিং। ভনের মতে, এত অল্প প্রস্তুতি নিয়ে অ্যাশেজে যাওয়া নতুন কোচের জন্য আদর্শ হবে না।

তবে সাদা বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্ককে বড় সুবিধা হিসেবে দেখছেন ভন। নিউজিল্যান্ডের হয়ে একসঙ্গে খেলার পাশাপাশি দুজনের ব্যবসায়িক সম্পর্কও রয়েছে।

ভন বলেন, ‘ফ্লেমিং জানেন কীভাবে বাজকে সামলাতে হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্ভবত তিনিই সেই ব্যক্তি, যার কথা ম্যাককালাম মেনে নেবেন।’