logo
Advertisement

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার চমক

এশিয়া পোস্ট স্পোর্টস
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার চমক
ছবি: ক্রিকেট নামিবিয়া

দক্ষিণ আফ্রিকাকে হারানো এখন আর নামিবিয়ার কাছে কেবল একবারের বিস্ময় নয়। দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেল আফ্রিকার সহযোগী সদস্য দেশটি। উইন্ডহোকে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে স্বাগতিকরা।

Advertisement

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। জবাবে ডেওয়াল্ড ব্রেভিসের লড়াকু ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকা থামে ৯ উইকেটে ১৪৫ রানে। সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ে।

প্রথমে ব্যাট করে নামিবিয়ার শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টেইনক্যাম্প। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৪ রান। ২৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে স্টেইনক্যাম্প ফিরলেও আক্রমণ চালিয়ে যান ফ্রাইলিঙ্ক।

৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করেন ফ্রাইলিঙ্ক। ১৩ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৬ রান। তখন তাদের স্কোর দুইশর কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে সেই গতি ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৩৩।

শেষ দিকে রুবেন ট্রাম্পেলম্যানের ৬ বলে ১২ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংসে ১৬৩ পর্যন্ত পৌঁছায় নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩২ রানে তিনটি এবং বিয়র্ন ফোর্টুইন ১৭ রানে দুটি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে বিশ্রাম দেওয়া দক্ষিণ আফ্রিকা। চার ওভারের মধ্যেই ১৯ রানে দুই ওপেনারকে হারায় তারা। টনি ডি জর্জি ফিরলে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৩৯।

সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান ব্রেভিস। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে রাখেন তিনি। ৫০ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় করেন ৭৫ রান। তাঁকে কিছুটা সঙ্গ দেন দুয়ান ইয়ানসেন, যিনি ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৮ বলে ৩৫ রান। কিন্তু ১৮তম ওভারের শেষ বলে ব্রেভিসকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নামিবিয়ার হাতে তুলে দেন ট্রাম্পেলম্যান। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৮ রান। জেজে স্মিট সেই ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন দুটি উইকেট।

ট্রাম্পেলম্যান ২৪ রানে এবং স্মিট ৩১ রানে তিনটি করে উইকেট নেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাসও মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট পান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে দুটিই জিতল নামিবিয়া। গত অক্টোবরে দুই দলের প্রথম সাক্ষাতেও শেষ বলের নাটকীয়তায় জয় পেয়েছিল তারা।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার চমক