সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের টার্গেট
সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনে। চতুর্থ দিন শেষে বড় লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল ক্যারিবীয়রা। শেষ দিনে বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দাঁড়ায় এবং সেই লক্ষ্য তাড়া করে স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। ম্যাচের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত ও সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।

অবশেষে ইনিংস ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৯৩ ওভারে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ৩৫৬ রান করা ওয়েস্ট ইন্ডিজের জবাবে বাংলাদেশ তুলেছিল ৩৮৬ রান। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও শেষ পর্যন্ত বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারীরা।
পঞ্চম দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও কাভেম হজের ১৪২ রানের ইনিংস এবং শেষদিকে জশুয়া বিশপের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। বিশপ ১১ বলে ২০ এবং আমির জাঙ্গু ৭৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের সামনে এখন কঠিন পরীক্ষা। দিনের বাকি সময়ে অন্তত ৭৮ ওভার খেলার সুযোগ থাকার কথা থাকলেও আলোকস্বল্পতায় পুরো সময় খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে। জয় পেতে হলে বাংলাদেশকে তুলতে হবে ৩৬৯ রান। অন্যদিকে ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনের চাপ সামলে উইকেটে টিকে থাকতে হবে স্বাগতিক ব্যাটারদের।
পঞ্চম দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারালেও রানের চাকা থামায়নি ওয়েস্ট ইন্ডিজ। এবার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছেন জশুয়া বিশপ। মেহেদী হাসান মিরাজের এক ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওই ওভার থেকে আসে ১৪ রান।
মাত্র ৭ বলে দুই ছক্কায় ১৪ রান করেছেন বিশপ। অন্য প্রান্তে ৩৯ রানে অপরাজিত আমির জাঙ্গু। ৯২.২ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ৩৯০ রান। বাংলাদেশের বিপক্ষে লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ রানে।
বড় লিড পাওয়ার পরও এখন পর্যন্ত ইনিংস ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশের সামনে ঠিক কত রানের লক্ষ্য দাঁড়াবে, তা নিয়ে অপেক্ষা আরও বাড়ছে।
পঞ্চম দিনের শুরুতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের। দিনের প্রথম তিন উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি কিছুটা আটকে দিয়েছেন দুই স্পিনার নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।
আগের দিনের ১৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা কাভেম হজ আরও ২ রান যোগ করে নাঈমের বলে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন। ১৯৪ বলে ১৭ চার ও এক ছক্কায় ১৪২ রান করেন তিনি।
এরপর ৯ রান করা জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করেন মিরাজ। বেশিক্ষণ টিকতে পারেননি শামার জোসেফও। নাঈমের বলে লং অফে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন তিনি।
৯০.৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৭২ রান। বাংলাদেশের বিপক্ষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ রানে। অপরাজিত আছেন আমির জাঙ্গু ও জশুয়া বিশপ।
সুপ্রভাত! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনের লাইভ ব্লগে আপনাদের স্বাগতম।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলে বাংলাদেশের চেয়ে ৩১৫ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ ক্যারিবীয়দের ইনিংস কোথায় থামে এবং বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে। শেষ দিনের রোমাঞ্চকর সব মুহূর্তের আপডেট পেতে সঙ্গে থাকুন।