logo

সাকলাইনকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন লিটন

সাকলাইনকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখদের মধ্যে আছেন আব্দুল গাফফার সাকলাইন। তরুণ এই ক্রিকেটারকে শুধু বোলার হিসেবে নয়, অলরাউন্ডার হিসেবেই দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাকলাইনকে নিয়ে লিটন বলেন, ‘সাকলাইন আমার চোখে অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ছে।’

এছাড়াও বিপিএলে রাজশাহীর হয়ে সাকলাইনের পারফরম্যান্স নজরে এসেছে টিম ম্যানেজমেন্টের। সেটিই জাতীয় দলে ডাক পাওয়ার পথে ভূমিকা রেখেছে বলে ইঙ্গিত দেন লিটন। তার কথায়, ‘ও বিপিএলে খুব ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সেখান থেকেই আই-ক্যাচিং একটা জিনিস হয়েছে।’

তবে সাকলাইনকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না অধিনায়ক। বরং তাকে দলের সঙ্গে রেখে ধীরে ধীরে তৈরি করার পরিকল্পনার কথাই জানালেন তিনি।

লিটন বলেন, ‘চেষ্টা করব এখানে গ্রুমিং করে, টিমের সঙ্গে রেখে, একটা সময় গিয়ে যেন তাকে খেলাতে পারি। আর খেললে যেন সে আমাদের ফিডব্যাক দিতে পারে।’

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের বড় লক্ষ্যগুলোর একটি ব্যাটিং গভীরতা বাড়ানো। লিটনের ভাবনায় সাকলাইন সেই জায়গাতেও ভূমিকা রাখতে পারেন। কারণ অধিনায়ক আগেই বলেছেন, নিচের দিকের ক্রিকেটাররা ব্যাট হাতে অবদান রাখতে পারলে দলের ব্যাটসম্যানরা আরও স্বাধীনভাবে খেলতে পারবেন।