logo
Advertisement

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে থাকছেন জ্যোতি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে থাকছেন জ্যোতি
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরোনো ছবি

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। জাপানে চলমান এশিয়ান গেমসই এই সংস্করণে অধিনায়ক হিসেবে তাঁর শেষ দায়িত্ব। তবে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

জাপান থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগ ও বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে ই-মেইলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। বোর্ডও তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছে।

তবে এশিয়ান গেমসের মতো বড় আসরের মাঝপথে এমন সিদ্ধান্তে হতাশ বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘এশিয়ান গেমস অনেক বড় একটা আসর। এমন একটা সময়ে জ্যোতির সিদ্ধান্তে আমি হতাশ।’

২০২২ সালে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেরই নেতৃত্ব পান জ্যোতি। তাঁর অধীনে এখন পর্যন্ত ৮০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে ৩২ ম্যাচে।

সাম্প্রতিক সময়ে অবশ্য টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্স নিয়ে চাপের মুখে ছিলেন জ্যোতি। দুবাইয়ে এশিয়া কাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি বাংলাদেশ। সেই ব্যর্থতার পর অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়।

এশিয়া কাপ শেষ করেই সেখান থেকে জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে যায় বাংলাদেশ দল। সেই সফরের মধ্যেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জ্যোতি।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে নেতৃত্বের অধ্যায় পুরোপুরি শেষ হচ্ছে না তাঁর। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। ফলে এশিয়ান গেমস শেষে শুধু টি-টোয়েন্টি দলের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে।