logo

ভারত ম্যাচ ইস্যুতে আইসিসির সামনে পাকিস্তানের তিন শর্ত

ভারত ম্যাচ ইস্যুতে আইসিসির সামনে পাকিস্তানের তিন শর্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই আইসিসির সামনে তিনটি শর্ত উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, লাহোরে আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই শর্তগুলো তুলে ধরেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে আইসিসির উপ-চেয়ারম্যান ইমরান খাজা ও অ্যাসোসিয়েট সদস্যদের প্রতিনিধি মুবারশির উসমানি উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও অংশ নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে চলমান সংকট নিরসনের পথ খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান আইসিসির কাছে তিনটি মূল দাবি উত্থাপন করেন। প্রথমত, আইসিসির আর্থিক বণ্টনে পাকিস্তানের অংশ বাড়ানো। দ্বিতীয়ত, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরুজ্জীবনে আইসিসির সক্রিয় ভূমিকা এবং তৃতীয়ত, দুই দেশের ম্যাচে খেলোয়াড়দের পারস্পরিক সৌজন্য আচরণ—বিশেষ করে হ্যান্ডশেক নিশ্চিত করার বিষয়ে নীতিগত অবস্থান নেওয়া। এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়দের হ্যান্ডশেক না করার প্রসঙ্গও বৈঠকে উত্থাপন করেন নকভি বলে সূত্রের দাবি।

এদিকে, একই বৈঠকে বিসিবি সভাপতিও আইসিসির কাছে আলাদা কিছু দাবি তোলেন বলে জানা গেছে। এর মধ্যে আর্থিক ক্ষতিপূরণ ও ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব চাওয়ার বিষয়টি রয়েছে। তবে এসব দাবি নিয়ে আইসিসি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে প্রতিনিধিদল আশ্বাস দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না। বাংলাদেশকে সংহতি জানাতেই এই অবস্থান নেওয়া হয়েছে বলে সে সময় জানানো হয়। এরপর থেকেই আইসিসি, পিসিবি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যানের সম্ভাব্য বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত রায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা। ক্রিকেট বিশ্বের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তাই অনিশ্চয়তা এখনো কাটেনি।