জ্যোতির করমর্দন না করা নিয়ে মুখ খুলল বিসিবি

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে করমর্দন না করার বিষয়টিকে নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে সব দেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে অবস্থান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন বাবু। করমর্দন না করার সিদ্ধান্তটি নারী উইংয়ের পক্ষ থেকে এসেছিল, নাকি অধিনায়ক নিজেই নিয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তার নিজের সিদ্ধান্ত।’
খেলাধুলার মাধ্যমে বিভেদের বদলে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিসিবির এই পরিচালক। তার ভাষ্য, ‘খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। আমরা চাই, সহযোগিতাপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সঙ্গেই থাকুক।’
করমর্দনের বিষয়টি তাদের জানা ছিল না বলেও উল্লেখ করেন বাবু। সিদ্ধান্তটি অধিনায়কের ব্যক্তিগত ছিল বলে আবারও জানান তিনি।
এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। এখন তাদের সামনে এশিয়ান গেমস।
দলের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবেও কথা বলেন বাবু। তিনি জানান, এশিয়ান গেমসের জন্য দল ও অধিনায়কের নাম প্রায় দেড় থেকে দুই মাস আগেই পাঠানো হয়েছে। নির্বাচিত দলটিই সেখানে খেলতে যাবে।
আপাতত দলটির কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে বিসিবি। বাবু বলেন, ‘আমরা আশা করছি, ওখানে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুল করেছে, সেগুলো শুধরে তারা দেশের সুনাম অর্জন করবে।’
নারী দলের নেতৃত্বসহ যেসব বিষয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। এশিয়ান গেমসের পর বিষয়গুলো নিয়ে আবার বসবে বিসিবি।


