রাজস্থান ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল বিসিসিআই

আইপিএলে অ্যান্টি-করাপশন প্রোটোকল ভঙ্গের অভিযোগে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রোমি ভিন্ডারকে নোটিশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট।
গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় ভিন্ডারকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এর পরপরই বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নেয়। ভিন্ডারকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিষয়টির সঙ্গে ভিন্ডারের শারীরিক অবস্থার একটি দিকও জড়িয়ে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। অতীতে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভোগার কারণে তাকে কিছু ক্ষেত্রে ফোন সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
তবুও নিয়ম অনুযায়ী ডাগআউটে বসে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। এখানেই মূল প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভিন্ডার ফোন ব্যবহার করলেও তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি। কেবল স্ক্রিন দেখছিলেন। তবে সেটিই নিয়ম ভঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে।