বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যাটার রবিন দাসের বিরুদ্ধে দুইটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের পর থেকেই ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে সব ধরনের দলীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে সরিয়ে রেখেছে তার কাউন্টি ক্লাব এসেক্স। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার কথা রবিনের।
বিবিসির প্রতিবেদনে লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ মার্চ দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রবিনের বিরুদ্ধে তদন্ত চলছিল। সেই ঘটনায় ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ২৩ জুলাই তার বিরুদ্ধে দুইটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারী এখনো বিশেষজ্ঞ কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন। মামলাটি আদালতে বিচারাধীন। ফলে রবিনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো প্রমাণিত নয়।
অভিযোগ গঠনের মাত্র দুই দিন আগে, ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপে এসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন রবিন। সেটিই ছিল চলতি মৌসুমে তার একমাত্র সিনিয়র ম্যাচ। এরপর থেকে আর ক্লাবের হয়ে খেলেননি তিনি।
এসেক্স এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনায় তাদের চুক্তিবদ্ধ এক খেলোয়াড় আদালতে হাজির হয়েছেন। বিষয়টি জানার পর থেকেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএ এবং ক্রিকেট রেগুলেটরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ক্লাবটি। একই সঙ্গে রবিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়, যা এখনো বহাল আছে।
ক্লাবটি আরও জানিয়েছে, তাদের কঠোর সুরক্ষা ও মানবসম্পদ নীতি রয়েছে এবং সব কর্মীর কাছ থেকেই উচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করা হয়। আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আর মন্তব্য করবে না এসেক্স।
রবিন দাস নামটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারে অপরিচিত নয়। তার বাবা মৃদুল কান্তি দাসের জন্ম সুনামগঞ্জে। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা রবিন নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছেন।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, লন্ডন স্কুল অব ইকোনমিকসে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
বাংলাদেশের সঙ্গে তার ক্রিকেটীয় যোগও আছে। ২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্স তাকে দলে নিয়েছিল। সেই আসরে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রবিন।
বিপিএলে খেলতে এসে তিনি বলেছিলেন, বাংলাদেশ তার হৃদয়ের খুব কাছের, কারণ এটি তার বাবার দেশ এবং এখানে তাদের পরিবারের অনেক সদস্য থাকেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার লক্ষ্য ছিল ইংল্যান্ড। ২০২৩ সালে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে রবিন বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে খেলাই তার লক্ষ্য এবং সেই পর্যায়ে পৌঁছাতে নিজেকে আরও উন্নত করতে চান।
এর আগেই ইংল্যান্ডের জাতীয় দলের পরিবেশের স্বাদ পেয়েছিলেন তিনি। লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন রবিন। বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ক্রিকেটারের ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে মাঠে নামার ঘটনাটি সে সময় বিশেষভাবে আলোচিত হয়েছিল।
এসেক্সের বয়সভিত্তিক দল পেরিয়ে ২০২০ সালে সিনিয়র দলে অভিষেক হয় রবিনের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন টপ-অর্ডার এই ব্যাটার। তার ক্যারিয়ারে আছে ৯টি প্রথম শ্রেণির, ২৯টি ৫০ ওভারের এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০২৩ সালে প্রথম শ্রেণির অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১০১ বলে শতক করেছিলেন তিনি। পরের বছর ট্রেন্ট ব্রিজে নটিংহ্যামশায়ারের বিপক্ষে পান নিজের প্রথম লিস্ট ‘এ’ শতক।
একসময় ইংল্যান্ডের বয়সভিত্তিক ক্রিকেট থেকে কাউন্টি এবং বিপিএল পর্যন্ত এগিয়ে যাওয়া রবিনের ক্যারিয়ার এখন আইনি প্রক্রিয়ার কারণে অনিশ্চয়তার মুখে। তবে আদালতের রায় না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।