logo

ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবারও সামনে হ্যান্ডশেক ইস্যু

ভারত-পাকিস্তান ম্যাচের আগে আবারও সামনে হ্যান্ডশেক ইস্যু

ক্রিকেট মাঠে ব্যাট-বলের লড়াইয়ের আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে আরেকটি প্রশ্ন—ম্যাচের আগে কিংবা পরে ভারত ও পাকিস্তান ক্রিকেটাররা কি একে অপরের সঙ্গে হাত মেলাবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই মুখোমুখির আগে দুই দলের অধিনায়কই সরাসরি কোনো উত্তর না দেওয়ায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

কলম্বোয় ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে যখন হ্যান্ডশেক প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি হাসিমুখে এড়িয়ে যান বিষয়টি। তার ভাষায়, ‘আর ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা ক্রিকেট খেলতে এসেছি, বাকি সিদ্ধান্ত পরে নেওয়া যাবে।’ একই সুরে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও বলেন, ‘কাল দেখা যাবে।’ তবে তিনি যোগ করেন, ক্রিকেট সব সময়ই খেলাধুলার চেতনায় হওয়া উচিত।

গত বছর এশিয়া কাপের পর থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে আনুষ্ঠানিক করমর্দন বন্ধ থাকার বিষয়টি আলোচনায় আসে। রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঠের বাইরের উত্তেজনাও ম্যাচকে ঘিরে বাড়তি মাত্রা পেয়েছে। ফলে এবারের বিশ্বকাপ ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেটমহলে চলছে ব্যাপক আলোচনা।

এরই মধ্যে জানা গেছে, ম্যাচটি কেবল ক্রীড়াক্ষেত্রেই নয়, প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এশিয়ার কয়েকটি ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা গ্যালারিতে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা পারস্পরিক সম্পর্ক উষ্ণ করার একটি সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।

সব মিলিয়ে, মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই যেমন উত্তেজনার, তেমনি মাঠের বাইরের একটি সাধারণ সৌজন্য আচরণও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত করমর্দন হবে কি না—তার উত্তর মিলবে ম্যাচের দিনই। তবে নিশ্চিতভাবে বলা যায়, ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে শুধু স্কোরবোর্ডে নয়, ম্যাচ শুরুর আগের সেই ক্ষণিক মুহূর্তেও। 

সূত্র : এনডিটিভি