শেষ বিশ্বকাপের ঘোষণা দিলেন কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই ভারতের হয়ে বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানবেন বিরাট কোহলি। নিজের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যে এবার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। একই সঙ্গে শেষ বিশ্বকাপটা জিতেই শেষ করতে চান বলে জানিয়েছেন তিনি।
শনিবার জিওস্টারকে কোহলি বলেছেন, ‘আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা। বিশ্বকাপ জেতাই অবশ্যই লক্ষ্য এবং এর জন্য যা কিছু করা প্রয়োজন, আমি প্রস্তুত।’
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন কোহলি। বর্তমানে ভারতের হয়ে শুধু ওয়ানডেতেই খেলছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। তার সামনে তাই আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে আছে ২০২৭ বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে বিশ্বকাপ। সেটি হবে কোহলির ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ২০২৩ সালে আবার ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ভারত।
কোহলির মতে, ৫০ ওভারের বিশ্বকাপের শারীরিক ও মানসিক চাপও অন্যরকম। টানা প্রায় ১০টি ম্যাচে উচ্চমাত্রার তীব্রতা ধরে রাখতে হয়, তার ওপর এবার খেলতে হবে বিদেশের কন্ডিশনে।
ওয়ানডেতে সর্বোচ্চ ৫৪ সেঞ্চুরির মালিক কোহলি। এই সংস্করণে তার রান ১৪ হাজার ৯৪১, যা শচীন টেন্ডুলকারের ১৮ হাজার ৪২৬ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ।
বিশ্বকাপের আগে ভারতের ওয়ানডে পরিকল্পনায় এখনও গুরুত্বপূর্ণ অংশ কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়েছে তাকে। রোববার তিরুবনন্তপুরমে হবে সিরিজের প্রথম ম্যাচ।
