বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দাপুটে জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে হার ও দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় চাপের মধ্যে পড়া দলটির সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। সেই ম্যাচেই ৭ উইকেটের স্বস্তিদায়ক জয় তুলে নিয়ে পরের পর্ব নিশ্চিত করে আজিজুল হাকিম তামিমের দল।
হারারেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৫০ ওভারে ১৯৯ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৫১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
রান তাড়ায় ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৭৮ রানের জুটি গড়ে ভালো ভিত গড়ে দেন। জাওয়াদ ৪৭ ও রিফাত ৩০ রান করে ফিরে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৮২ বলে ৬৪ রানের ইনিংস খেলে জয়ের পথ সহজ করেন। শেষদিকে রিজান হাসান ৩০ ও কালাম সিদ্দিকী ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
এর আগে যুক্তরাষ্ট্র শুরুতেই চাপে পড়ে ৬ রানে দুই উইকেট হারায়। আদনিত জাম্ব সর্বোচ্চ ৬৮ রান করেন। উৎকর্ষ শ্রীভাস্তব ৩৯ ও সাহিল গার্গ ৩৫ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। দুটি করে উইকেট নেন আল ফাহাদ, রিজান হাসান ও শাহরিয়ার আহমেদ।
এই জয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।