টেস্টে ৬০০ ম্যাচের বিরল মাইলফলকে ভারত

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে বড় এক মাইলফলক ছুঁয়েছে ভারত। দেশটির স্বাধীনতা দিবসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ইতিহাসের ৬০০তম টেস্ট খেলতে নেমেছে শুভমান গিলের দল।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ৬০০ টেস্টের মাইলফলক স্পর্শ করল ভারত। ঐতিহাসিক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক গিল।
মাইলফলকের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত গিল। ম্যাচের আগে তিনি বলেন, ‘ভারতের ৬০০তম টেস্টে নেতৃত্ব দেওয়া বিশাল সম্মানের।’ স্বাধীনতা দিবসে ম্যাচটি হওয়ায় উপলক্ষটি তার কাছে আরও বিশেষ বলেও জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
১৯৩২ সালের জুনে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট যাত্রা শুরু করেছিল ভারত। নিজেদের প্রথম ম্যাচে ১৫৮ রানে হেরেছিল তারা। প্রথম জয়ের জন্য অপেক্ষা করতে হয় ২০ বছর ও ২৫ ম্যাচ। ১৯৫২ সালে মাদ্রাজে ইংল্যান্ডকে ইনিংস ও ৮ রানে হারিয়ে প্রথম টেস্ট জয় পায় ভারত।
৬০০তম ম্যাচের আগে খেলা ৫৯৯ টেস্টের মধ্যে ভারত জয় পেয়েছে ১৮৬টিতে। হেরেছে ১৮৮ ম্যাচে, ড্র হয়েছে ২২৪টি এবং টাই হয়েছে একটি। ভারতের চেয়ে বেশি টেস্ট খেলেছে শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
নয় বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা গিলদের জন্য দুই ম্যাচের এই সিরিজটি গুরুত্বপূর্ণ। স্বাগতিক শ্রীলঙ্কা রয়েছে তাদের ঠিক পরের অবস্থানে।



