logo
Advertisement

সিপিএলে প্রথম ম্যাচেই মিরাজের তিন উইকেট

সিপিএলে প্রথম ম্যাচেই মিরাজের তিন উইকেট
গায়ানার জার্সিতে মেহেদী হাসান মিরাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই বল হাতে নজর কাড়লেন মেহেদী হাসান মিরাজ। অভিষেকে মাত্র ১৩ রানে তিন উইকেট নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের ভিত গড়ে দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার সঙ্গে সেন্ট লুসিয়া কিংসের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন পাঁচ উইকেট নেওয়া ইমরান তাহির।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রভিডেন্স স্টেডিয়ামে সেন্ট লুসিয়াকে চার উইকেটে হারিয়েছে গায়ানা। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। জবাবে ৯ বল হাতে রেখে ছয় উইকেটে ১২২ রান তুলে জয় পায় গায়ানা।

সপ্তম ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে সিপিএলে প্রথম উইকেট পান মিরাজ। এরপর একাদশ ওভারের প্রথম বলে কেমল স্যাভরিকে এলবিডব্লিউ করেন। একই ওভারের শেষ বলে তার শিকার চারিথ আসালাঙ্কা। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নেন মিরাজ।

অন্য প্রান্তে আরও ভয়ংকর ছিলেন তাহির। গায়ানার অধিনায়ক চার ওভারে ১৭ রানে নেন পাঁচ উইকেট। দুই স্পিনার মিলে আট ওভারে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন আট উইকেট।

তাদের ঘূর্ণিতে ৮১ রানেই নয় উইকেট হারায় সেন্ট লুসিয়া। শেষ উইকেটে ওবুস পিয়েনার ও মহীশ থিকশানার ৩৮ রানের জুটি দলকে একশ পার করে। কামিল পুরান সর্বোচ্চ ৪৩ এবং পিয়েনার করেন ৩৫ রান।

ছোট লক্ষ্য তাড়াতেও অবশ্য চাপে পড়েছিল গায়ানা। একপর্যায়ে ৬৯ রানে চার উইকেট হারায় দলটি। বল হাতে উজ্জ্বল মিরাজ ব্যাটিংয়ে চার বলে এক রান করে ফেরেন। গ্লেন ফিলিপস করেন ৩৭, শাই হোপ ২১ রান।

শেষ পর্যন্ত কুইন্টিন স্যাম্পসনের ঝড়ে জয় নিশ্চিত হয় গায়ানার। মাত্র ১১ বলে পাঁচ ছক্কা ও এক চারে অপরাজিত ৩৭ রান করেন তিনি। তাঁর ব্যাটেই শেষ হয় সেন্ট লুসিয়ার ঘুরে দাঁড়ানোর আশা।