দুইবার প্রস্তাব পেয়েও বিসিবি পরিচালক হননি আশরাফুল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ায় প্রস্তাব পেলেও সেটি গ্রহণ করেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ‘এপি স্পোর্টস’ শো’তে এমন তথ্য জানিয়েছেন টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার। একাধিকবার বিসিবি পরিচালক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন আশরাফুল।
৫ আগস্টের পর নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর ফারুক আহমেদ বিসিবি সভাপতি হলে প্রথমবার আশরাফুলকে প্রস্তাব দেওয়া হয় বোর্ড পরিচালক হওয়ার। তবে সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। আশরাফুল বলেন, ‘আমার অপশন (বিসিবি পরিচালক হওয়ার) ছিল ৫ আগস্টের পরে। আমি তখন ইংল্যান্ডে ছিলাম। ফারুক ভাই যখন সভাপতি ছিলেন তখন আমার বোর্ড পরিচালক হওয়ার সুযোগ ছিল। আমার কাছে মনে হয়েছে যে, বোর্ড পরিচালক হওয়া থেকে ক্রিকেটের মাঠে থাকতেই আমি উপভোগ করি। এটা হলে বেশি বেনিফিট হবে।’
ফারুক আহমেদের পর বিসিবির সভাপতির দায়িত্বে আসেন আমিনুল ইসলাম বুলবুল। তিনিও আশরাফুলকে পরিচালনা পর্ষদে দেখতে চেয়েছিলেন। বুলবুলের বোর্ড থেকেও দেওয়া হয় প্রস্তাব।
এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘তারপর তো বুলবুল ভাই আসলেন। ওই সময়ও একটা সুযোগ ছিল বোর্ড পরিচালক হিসেবে। আমার স্বপ্নই ছিল যে মাঠে কোচিং লাইনেই আসব।’
পরিচালক হতে অনীহার কারণও ব্যাখ্যা করেন আশরাফুল। তিনি বলেন, ‘বোর্ড পরিচালকের কোনো সম্মানী নেই, এখানে শুধু কাজ করবেন। আমি এত ধনী না যে আমি কাজ না করে জীবন নির্বাহ করতে পারব। সেই কারণে আমার মনে হয়েছে যে, মাঠে থেকে খেলোয়াড়দের যদি আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি সেটি বেশি কাজে দেবে।’