বোর্ডে পালাবদল নিয়েও নির্বিকার সিমন্স
-1776242484-12087_1776242495.webp)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক পরিবর্তন অনেকের জন্য বিস্ময়ের হলেও দলের প্রধান কোচ ফিল সিমন্সের কাছে তা নতুন কিছু নয়। প্রশাসনিক এই পালাবদল তার কাজে কোনো প্রভাব ফেলেনি বলেই জানালেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডে একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন সিমন্স। সভাপতি বদল হয়েছে, নতুন নেতৃত্ব এসেছে। তবুও পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন এই কোচ।
সিমন্স বলেন, ‘আমাকে এখন আর খুব বেশি কিছু অবাক করে না। এটা বাংলাদেশ ক্রিকেট হোক বা আমার নিজের জীবন, আমি এমন জায়গায় আছি যেখানে জানি এসব ঘটতেই পারে।’
তিনি স্পষ্ট করে জানান, এসব পরিবর্তন তার কাজের ওপর কোনো প্রভাব ফেলেনি।
‘আমার দায়িত্ব দলকে প্রস্তুত করা। কোচিং গ্রুপ হিসেবে আমরা সেটাই করছি। এই পরিবর্তনগুলো আমাদের কাজে কোনো ব্যাঘাত ঘটায়নি।’
খেলোয়াড়দের ওপর এর প্রভাব নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি সিমন্স। তবে তার পর্যবেক্ষণ, দলে কোনো নেতিবাচক প্রভাব চোখে পড়েনি।
তিনি বলেন, ‘প্রস্তুতি ক্যাম্প পরিকল্পনামতোই হয়েছে। সবাই কঠোর পরিশ্রম করেছে। আমি কোনো মানসিক প্রভাব দেখিনি।’
বোর্ডের নতুন দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগও হয়েছে বলে জানান তিনি। প্রস্তুতি ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে এসে কথা বলেছেন সংশ্লিষ্টরা।
সিমন্সের ভাষায়, ‘আমরা কথা বলেছি। তারা কেউ কোচ হিসেবে আসেনি। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, দলকে তৈরি করার কাজই করছি।’
বারবার প্রশাসনিক পরিবর্তন নিয়ে প্রশ্নে অবশ্য কিছুটা বিরক্তিও প্রকাশ করেন এই কোচ।