logo

গালাগালের অভিযোগ অস্বীকার বিসিবি পরিচালক শামীমের

গালাগালের অভিযোগ অস্বীকার বিসিবি পরিচালক শামীমের
প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি: ডা. শামীমের ফেসবুক থেকে নেওয়া

বিসিবির একটি অভ্যন্তরীণ বৈঠকে আরেক পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তার দাবি, পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ কথাবার্তা হয়েছিল, তবে গণমাধ্যমে যেভাবে ঘটনাটি এসেছে সেটির ‘এক বিন্দুও সত্য নয়’। একই সঙ্গে বোর্ডের অভ্যন্তরীণ আলোচনা কীভাবে বাইরে গেল, সেটি তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

এশিয়া পোস্টকে ক্রিকেট বোর্ডের এই পরিচালক জানান, ‘কোনো গালাগাল করিনি আমি। গালাগালের প্রশ্নই আসে না। আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল কথাবার্তা হয়েছে।’

সম্প্রতি বিসিবির একটি বৈঠকে শামীম আরেক পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে কী নিয়ে পরিচালকদের মধ্যে কথা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। তার মতে, এটি ছিল বোর্ডের একান্ত অভ্যন্তরীণ বিষয়।

শামীম বলেন, ‘ব্যাপারটা পুরোপুরি ইন্টারনাল ছিল। নিজেদের মধ্যে কী হয়েছে, কীভাবে লিক হয়েছে আমি জানি না। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

তবে অভ্যন্তরীণ আলোচনা বাইরে চলে যাওয়ার বিষয়টি নিয়ে বিসিবির মধ্যেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কীভাবে সেই তথ্য বাইরে এসেছে, সেটি খুঁজে দেখা দরকার বলে মনে করেন শামীম।

তিনি বলেন, ‘এটা কীভাবে লিক হয়েছে বা কীভাবে এসেছে, আমি জানি না। এটা তদন্ত হওয়া প্রয়োজন। এটা নিয়ে আমাদের বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে এবং সবাই একমত হয়েছে যে এরকম হওয়া উচিত না।’

নিজের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগও সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিসিবি পরিচালক। তার ভাষায়, ‘যেভাবে বলা হয়েছে, একটা বিন্দুও সত্য না। যারা করেছে, কী উদ্দেশ্যে করেছে আমি জানি না।’

তবে বোর্ডের ভেতরে মতবিরোধ বা কথাবার্তা হয়েছিল কি না, সেটি অস্বীকার করেননি শামীম। তার বক্তব্য, সেটি ছিল পরিচালকদের অভ্যন্তরীণ আলোচনা এবং সেই কথোপকথন বাইরে যাওয়াটাই এখন বড় প্রশ্ন।