logo

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে ডাকা হতে পারে

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে ডাকা হতে পারে

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে থাকায়, বিকল্প হিসেবে বাংলাদেশকে প্রস্তুত থাকতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ও ভেন্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনার পরও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার।

সেই প্রেক্ষিতে আইসিসি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে বাংলাদেশকে পুনরায় অন্তর্ভুক্ত করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে গ্রুপ ‘এ’-তে স্থান দিয়ে শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হতে পারে—যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, এই পদ্ধতিতে বড় ধরনের লজিস্টিক জটিলতা ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এতে আইসিসির ওপর বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত দাবিতে সরাসরি সায় দেওয়ার অভিযোগও এড়ানো যাবে।

এর আগে, ২৪ জানুয়ারি নিরাপত্তা কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। সেই সিদ্ধান্তের পর থেকেই টুর্নামেন্ট ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।

পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট না করে ভারতের বিপক্ষে নির্ধারিত গ্রুপ ম্যাচটি না খেলার কথাও বিবেচনা করছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ফেব্রুয়ারিতে কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচটি না খেললে পাকিস্তান পয়েন্ট হারাবে, তবে এতে সম্প্রচারকারী ও স্পনসরদের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরও একটি বিকল্প হিসেবে ম্যাচগুলোতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার বিষয়ও ভাবছে পিসিবি।

এদিকে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ মুহূর্তে পুরো সূচি বদলানো কঠিন ছিল বলেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর এখন টিকে আছে গ্রুপ বিন্যাস, ভেন্যু পরিকল্পনা এবং বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহল।