logo

পিএসএলে সরাসরি চুক্তিতে দল পেলেন মোস্তাফিজ

পিএসএলে সরাসরি চুক্তিতে দল পেলেন মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর সামনে রেখে বড় চমক দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।

ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোস্তাফিজের ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, সরাসরি চুক্তিতে তার পারিশ্রমিক ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা)। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন এই কাটার মাস্টার।

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা মোস্তাফিজের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘একবার কালান্দার মানেই আজীবন কালান্দার। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। ড্রেসিংরুমে তাকে আবার স্বাগত জানাতে পেরে আমরা দারুণ আনন্দিত। শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা ও দক্ষতা দলকে বাড়তি শক্তি দেবে।’

আগামী আসরের জন্য ইতোমধ্যে দলের মূল কোর শক্তিশালী করে ফেলেছে কালান্দার্স। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ওপেনার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটার মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে তারা। প্লাটিনাম ক্যাটাগরিতে শাহিনের পারিশ্রমিক ৭ কোটি রুপি, ডায়মন্ডে আবদুল্লাহ ২ কোটি ২০ লাখ, গোল্ডে সিকান্দার ২ কোটি ৮০ লাখ এবং ইমার্জিং ক্যাটাগরিতে নাঈম পাবেন ৭০ লাখ রুপি।

পিএসএল ১১–এর খেলোয়াড় নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে মোট ৪৫ কোটি রুপি বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সরাসরি চুক্তি ও রিটেনশন মিলিয়ে লাহোর কালান্দার্স এখন পর্যন্ত ব্যয় করেছে ১৯ কোটি ১৪ লাখ রুপি।

পিএসএলে মোস্তাফিজের অভিজ্ঞতা সীমিত হলেও কার্যকর। তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে খেলেছেন তিনি, শিকার করেছেন চার উইকেট। বাঁহাতি এই পেসারের বৈচিত্র্যময় কাটার ও ডেথ ওভারের দক্ষতাই মূলত তাকে আবারও দলে ফেরানোর পেছনের কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আসন্ন মৌসুমে পিএসএল বড় সম্প্রসারণও দেখতে যাচ্ছে। দলসংখ্যা ছয় থেকে বেড়ে হচ্ছে আট। নতুন দুই দল হিসেবে অভিষেক হবে হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজের। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছেন ফাওয়াদ সারওয়ার, আর শিয়ালকোট স্ট্যালিয়নজের মালিকানা পেয়েছেন হামজা মাজিদ।