লিভারপুলের মালিকানায় ঢুকলেন বেজোস, বিক্রি হচ্ছে ৩০ শতাংশ

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের মালিকানায় বড় পরিবর্তন আসছে। অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিনিয়োগ থাকা একটি কনসোর্টিয়ামের কাছে ক্লাবটির ৩০ শতাংশ মালিকানা বিক্রির চুক্তি করেছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ।
‘১৮৯২ হোল্ডিংস’ নামের কনসোর্টিয়ামটির সঙ্গে চূড়ান্ত সমঝোতার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে লিভারপুলের বর্তমান মালিক এফএসজি। ব্রিটিশ সংবাদমাধ্যমের হিসাবে চুক্তিটির মূল্য প্রায় ১৬৫ কোটি পাউন্ড। এতে লিভারপুলের সামগ্রিক মূল্য দাঁড়াচ্ছে ৫৫০ কোটি পাউন্ড।
তবে মালিকানার বড় একটি অংশ বিক্রি হলেও ক্লাবের নিয়ন্ত্রণ হারাচ্ছে না এফএসজি। প্রতিষ্ঠানটি সংখ্যাগরিষ্ঠ অংশীদার হিসেবে থাকবে এবং লিভারপুলের দৈনন্দিন কার্যক্রমও তাদের নিয়ন্ত্রণেই পরিচালিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
১৮৯২ হোল্ডিংসের নেতৃত্বে রয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক চেয়ারম্যান ও সহমালিক অমিত ভাটিয়া। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা। কনসোর্টিয়ামটিতে মিত্তাল ফ্যামিলি ট্রাস্টস, ইই ক্যাপিটাল এবং কেফাইভ স্পোর্টস ফান্ডও রয়েছে।
কেফাইভ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী হিসেবে এই চুক্তির অংশ হয়েছেন বেজোস। তবে লিভারপুলের পরিচালনা পর্ষদে কোনো পদ নেবেন না অ্যামাজনের প্রতিষ্ঠাতা। নিষ্ক্রিয় বিনিয়োগকারী হিসেবেই তার থাকার কথা।
চুক্তির অংশ হিসেবে লিভারপুলের নতুন সহসভাপতি হবেন ভাটিয়া। সম্প্রসারিত পরিচালনা পর্ষদে তার সঙ্গে যোগ দেবেন ইই ক্যাপিটালের এলেইন সাভেরিন এবং কেফাইভ স্পোর্টসের ব্রায়ান বাউম। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিনের পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান হচ্ছে ইই ক্যাপিটাল।
এফএসজির সভাপতি মাইক গর্ডন বলেছেন, ‘অমিত ও তার কনসোর্টিয়াম আমাদের দীর্ঘমেয়াদি দর্শনের অংশীদার।’
নতুন বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি লিভারপুলের বিদ্যমান ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন গর্ডন। ক্লাবটির বিশেষত্ব ও দীর্ঘমেয়াদি স্বার্থের প্রতি কনসোর্টিয়ামটির সম্মানই চুক্তিতে সম্মত হওয়ার অন্যতম কারণ বলেও জানিয়েছেন তিনি।
ভাটিয়া বলেছেন, ‘এই মর্যাদার একটি ক্লাবের অংশীদার হওয়া বিরাট সম্মানের।’ লিভারপুলের নেতৃত্বের ওপর গভীর আস্থা থেকেই কনসোর্টিয়ামটি এই বিনিয়োগ করছে বলে জানিয়েছেন তিনি।
২০১০ সালে মাত্র ৩০ কোটি পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। তাদের মালিকানায় ক্লাবটি দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি এফএ কাপ এবং একাধিক লিগ কাপ জিতেছে। গত দেড় দশকে মাঠের সাফল্যের পাশাপাশি অ্যানফিল্ডের সম্প্রসারণ ও নতুন অনুশীলনকেন্দ্র নির্মাণেও বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
লিভারপুল ইংল্যান্ডের যৌথভাবে সর্বোচ্চ ২০ বারের লিগ চ্যাম্পিয়ন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে পঞ্চম হওয়া দলটি আগামী ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে।



