বাংলাদেশের বিপক্ষে কারা খেলবেন, এক দিন আগেই জানাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি জানান, শেষ পেসারের জায়গায় স্কট বোল্যান্ডকে পেছনে ফেলে সুযোগ পেয়েছেন জশ হ্যাজলউড।
হ্যাজলউডকে নিয়ে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাবেন কামিন্স ও মিচেল স্টার্ক। এক বছরেরও বেশি সময় পর আবারও একসঙ্গে টেস্ট খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তিন অভিজ্ঞ পেসার। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অফ স্পিনার নাথান লায়নও।
হ্যাজলউড ও বোল্যান্ডের মধ্যে কে সুযোগ পাবেন, সেটিই ছিল একাদশ নির্বাচনকে ঘিরে বড় প্রশ্ন। শেষ পর্যন্ত হ্যাজলউডের ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।
সিদ্ধান্তটি কঠিন ছিল বলে জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘দুজনই দারুণ মানের বোলার। আমরা লায়নকে একাদশে রাখতে চেয়েছিলাম। এরপর পেস আক্রমণের সমন্বয় ঠিক করতে হয়েছে। সিদ্ধান্তটি খুবই কঠিন ছিল। সামনে অনেক ক্রিকেট রয়েছে। বোল্যান্ড নিজের মূল্য জানে এবং খুব শিগগিরই তাকে মাঠে দেখা যাবে।’
গত অ্যাশেজের পাঁচ টেস্টের সবকটিতেই খেলেছিলেন বোল্যান্ড। কামিন্স, হ্যাজলউড ও লায়নের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বড় দায়িত্বও সামলেছিলেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শুরুতে জায়গা ধরে রাখতে পারলেন না।
ব্যাটিং বিভাগে জেক ওয়েদারাল্ডের সঙ্গে ইনিংস শুরু করবেন ট্রাভিস হেড। তিন ও চার নম্বরে থাকছেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকেও একাদশে রেখেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
.png)


