logo

সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিক

সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কয়েক দিন অনিশ্চয়তায় থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আজ সকাল ১০টার দিকে তিনি ঢাকায় ফিরলেন।

ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন মুশফিক। গত শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে আকাশসীমায় বিধিনিষেধ আরোপ হওয়ায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। একই পরিস্থিতিতে সেখানে আরও বহু যাত্রী অপেক্ষায় ছিলেন।

মুশফিক প্রথমে জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দুবাই পৌঁছানোর পর ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা সম্ভব হয়নি।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দেশে ফেরার খবর জানান মুশফিক। তিনি লেখেন, 'বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে ফ্লাইটে উঠেছি। ইনশাআল্লাহ সকালে ঢাকায় থাকব। গত ২৪ ঘণ্টায় যারা খোঁজ নিয়েছেন ও দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।'

এর আগে তার ফেরার বিষয়টি নজরদারিতে রাখার কথা জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে দেখছেন এবং বিসিবির সঙ্গেও যোগাযোগ রয়েছে। সেই আশ্বাসের পরই শেষ পর্যন্ত দেশে ফিরতে সক্ষম হন এই অভিজ্ঞ ক্রিকেটার।