উইন্ডিজের বিপক্ষে কালামের সেঞ্চুরি, বিসিবি একাদশের ৩৭১ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। কালাম সিদ্দিকী অলিনের সেঞ্চুরির সঙ্গে জিশান আলম ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩৭১ রান তুলেছে বিসিবি একাদশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে জাকের আলীর নেতৃত্বাধীন বিসিবি একাদশ। দলীয় ৫ রানেই মাহফিজুল ইসলাম রবিনকে (৪) ফিরিয়ে শুরুতে ধাক্কা দেন জেইডেন সিলস।
তবে দ্বিতীয় উইকেটে ইফতেখার আহমেদ ইফতিকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে দলকে সামাল দেন জিশান। ইফতি ১৮ রানে ফিরলে কালামের সঙ্গে আরও ৬২ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত ১০০ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮৬ রান করে জশুয়া বিশপের বলে বোল্ড হন জিশান।
এরপর অধিনায়ক জাকের আলীকে নিয়ে ৭৪ এবং রিজওয়ানের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন কালাম। জাকের ৩০ রান করে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৮৪ বলে ২০ চার ও এক ছক্কায় ১৩৫ রান করে কেভিন উইকহ্যামের বলে বোল্ড হন তিনি। তবে দুই দিনের ম্যাচ হওয়ায় তার এই সেঞ্চুরি প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডে যুক্ত হবে না।
কালামের বিদায়ের পর রিজওয়ান ও শামীম হোসেন পাটোয়ারি ষষ্ঠ উইকেটে আরও ৫২ রান যোগ করেন। রিজওয়ান ১০৬ বলে ৫৯ রান করে ফিরলেও ৩০ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন শামীম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জশুয়া বিশপ ও কাভেম হজ দুটি করে উইকেট নেন।
দিনের খেলা শেষে কালাম বলেন, ‘ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট ছিল। পেসারদের জন্য কিছুটা কঠিন ছিল, তবে স্পিনারদের জন্য ভালো ছিল।’
আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ নিয়ে তিনি আরও বলেন, ‘বড় কোনো দলের বিপক্ষে, এত পরিচিত ও মানসম্মত ক্রিকেটারদের সঙ্গে খেলা সবারই স্বপ্ন। আজ বিসিবি একাদশের হয়ে খেলে সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে।’
শুক্রবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।
