বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর এক সপ্তাহ আগে চোটের ধাক্কা খেল অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন পেসার মাইকেল নেসার। কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হওয়ায় বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে অনুশীলনের সময় চোটটি পান ৩৬ বছর বয়সী নেসার। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, এই চোটের কারণে কয়েক সপ্তাহ অনুশীলন কিংবা কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না তিনি।
ডারউইনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের দলে জায়গা পাননি নেসার। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোট কাটিয়ে ফেরায় তাকে বাইরে রাখা হয়েছিল। তবে প্রয়োজন হলে পেস আক্রমণে অস্ট্রেলিয়ার পরবর্তী পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি।
সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে ১৯ দশমিক ৯৩ গড়ে ১৫ উইকেট নিয়েছিলেন নেসার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলাকালে কোনো পেসার চোটে পড়লে কিংবা বিশ্রামে গেলে তার দলে ঢোকার সম্ভাবনা ছিল। নতুন চোটে সেই সুযোগও শেষ হয়ে গেল।
সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার চোটে পড়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। ২০২৪-২৫ মৌসুমে হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে তার খেলার সময় কমে গিয়েছিল। এর আগে হ্যাম্পশায়ারের হয়ে খেলার সময়ও পায়ের পেশিতে চোট পেয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়া শিবিরে অবশ্য নেসারই একমাত্র চোট পাওয়া ক্রিকেটার নন। দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে পিঠের সমস্যায় পড়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। তবে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইংলিসের খেলা নিয়ে শঙ্কা নেই।
ম্যাকডোনাল্ড বলেন, ‘তার পিঠের সমস্যা আবার দেখা দিয়েছিল। মাঝেমধ্যে এমন হয়। সমস্যা কমে যাওয়ার পর ধীরে ধীরে তাকে অনুশীলনে ফেরানো হবে। সিরিজে তার খেলার সামর্থ্য নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।’
আগামী ১২ মাসে সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়া। সে কারণে পেস আক্রমণে পর্যাপ্ত বিকল্প প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বয়স বিবেচনায় নেসারের চোট অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের গভীরতায় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
নেসারের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রয়োজন হলে ব্রেন্ডন ডগেটকে দলে ডাকা হতে পারে। গত অ্যাশেজে দুটি টেস্ট খেলা এই পেসারও অস্ট্রেলিয়ার প্রস্তুতি কার্যক্রমে রয়েছেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, বাংলাদেশ সময় সকাল ৬টায়।



