টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার ব্যাটার ইরফান শুক্কুরকে।
আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। ডারউইনে নয় দলের টুর্নামেন্ট শুরু হবে ২১ আগস্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা সাব্বির রহমান, শামীম হোসেন ও আবু হায়দার রনি। তাদের সঙ্গে রয়েছেন জিসান আলম, মেহরব হাসান, রাকিবুল হাসান, রিপন মন্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো তরুণ ক্রিকেটাররা।
এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল লিগ পর্বে ছয়টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ নেপাল, হোবার্ট হারিকেনস, ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, নিউজিল্যান্ড ‘এ’ ও স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। পরদিন হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে ইরফানের দল।
২৪ আগস্ট ভিক্টোরিয়া এবং ২৫ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এক দিনের বিরতির পর ২৭ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে জায়গা পাবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।
টানা তৃতীয়বার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ এইচপি দল। ২০২৪ সালে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেবার শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্সআপ হয়েছিল তারা।
বাংলাদেশ এইচপি দল
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলায়েন, রিপন মন্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
.png)


