logo
Advertisement

১২ বছর পর নতুন ভূমিকায় ইংল্যান্ড দলে পিটারসেন

১২ বছর পর নতুন ভূমিকায় ইংল্যান্ড দলে পিটারসেন
কেভিন পিটারসেন। ছবি: দ্য টাইমস

দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছেন কেভিন পিটারসেন। সাবেক এই অধিনায়ককে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই দায়িত্ব শুরু করবেন পিটারসেন। কাজ করবেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে। বিশ্বকাপের প্রস্তুতিতে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সহায়তা করবেন তিনি।

এই ফেরাটা পিটারসেনের জন্য বিশেষ কিছু। তিনি বলেছেন, ‘২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরতে পারা আমার জন্য বিরাট সম্মানের, গভীরভাবে বিশেষ এক মুহূর্ত।’

দলের ক্রিকেটারদের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করতে চান পিটারসেন। ম্যাককালামও মনে করেন, সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার অভিজ্ঞতা ও ব্যাটিংয়ের জ্ঞান দিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের উপকার করতে পারবেন তিনি।

পিটারসেনকে নেওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার পরিচয়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। আগামী বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। স্থানীয় পরিবেশ সম্পর্কে তার ধারণা প্রস্তুতিতে কাজে লাগবে বলে আশা ইসিবির।

২০১৩–১৪ অ্যাশেজের ভরাডুবির পর বিতর্কিতভাবে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন পিটারসেন। সেই বিদায়ের ১২ বছর পর এবার পরামর্শকের দায়িত্বে ফিরছেন তিনি।