বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নেই হেড-মার্শ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে সফরকারীরা। দলের দুই তারকা ক্রিকেটারকে শুরু থেকেই পাচ্ছে না তারা। ব্যক্তিগত কারণে এই সফর থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড। অন্যদিকে, গোড়ালের চোট পুরোপুরি না সারায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ।
হেড ও মার্শের পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই সফর থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার তানভীর সাংঘাও। এই তিনজনের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়েছে ম্যাট শর্ট, অলি পিক ও অফ স্পিনার টড মারফিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, শুরুতে বাংলাদেশ সফরের দুই সংস্করণের দলেই রাখা হয়েছিল হেডকে। তবে আইপিএল শেষে ব্যক্তিগত কারণে তিনি ছুটি চাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবশ্য আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবার দলে পাওয়ার আশা করছে বোর্ড।
মিচেল মার্শের পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন। আইপিএল চলাকালে গোড়ালের চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় তিনি পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন। ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সফরের সবকটি ম্যাচেই তিনি খেলবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু চিকিৎসকদের পরামর্শে ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই তিনি ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়ে প্রস্তুতি শুরু করবেন। মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ, যিনি পাকিস্তান সফরেও অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
উল্লেখ্য, নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও এই বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। মার্শ যদি টি-টোয়েন্টি সিরিজের আগে পুরোপুরি ফিট হতে না পারেন, তবে সংক্ষিপ্ত সংস্করণেও ইংলিশের কাঁধেই থাকবে নেতৃত্বের ভার।
অস্ট্রেলিয়ার সাদা বলের স্কোয়াডের ক্রিকেটাররা গত মঙ্গলবার থেকে দুই দফায় ঢাকায় আসতে শুরু করেন। আগামীকাল (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৭ জুন।
দুই সংস্করণের অস্ট্রেলিয়া স্কোয়াড:
ওয়ানডে সিরিজ:
জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি সিরিজ:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেনসার জনসন, ম্যাথু কুনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

