বাংলাদেশের ম্যাচ ভারতে আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে আইসিসির বিবৃতি

দীর্ঘ টানাপোড়েন, বৈঠক আর জল্পনার পর শেষপর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশিত সূচি অপরিবর্তিত থাকছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।
বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাটি ডাকা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে, যেখানে তারা নিরাপত্তাজনিত কারণে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানিয়েছিল।
আইসিসি জানিয়েছে, স্বাধীন ও অভ্যন্তরীণ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন খতিয়ে দেখে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে। মূল্যায়নগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে, টুর্নামেন্ট চলাকালে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দল, ম্যাচ অফিসিয়াল, গণমাধ্যমকর্মী কিংবা সমর্থকদের জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই।
এ ছাড়াও আইসিসির মতে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি বা ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। একই সঙ্গে, কোনো গ্রহণযোগ্য নিরাপত্তা হুমকি ছাড়া সূচি বদলালে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য তা একটি ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে।
আইসিসি আরও জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা বিসিবির সঙ্গে একাধিক দফায় চিঠি চালাচালি ও বৈঠক করেছে। এসব আলোচনায় ভারতের কেন্দ্রীয় ও রাজ্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তৈরি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য বিসিবিকে জানানো হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সংস্থাটি সদিচ্ছা নিয়ে আলোচনা চালিয়েছে। তবে বিসিবি তাদের অবস্থান বদলায়নি এবং একটি ঘরোয়া লিগসংক্রান্ত পৃথক ঘটনায় নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণের বিষয়টি যুক্ত করেছে, যা টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট নয়।
আইসিসির ব্যাখ্যায় আরও উঠে আসে, ভেন্যু ও সূচি নির্ধারণে তারা সব ২০টি অংশগ্রহণকারী দেশের জন্য একই মানদণ্ড অনুসরণ করে। স্বাধীন নিরাপত্তা প্রতিবেদনে কোনো বাস্তব হুমকি না থাকায় বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরানোর সুযোগ নেই। এতে শুধু বড় ধরনের লজিস্টিক জটিলতাই নয়, বিশ্বজুড়ে সমর্থক ও অন্যান্য দলের ওপরও প্রভাব পড়ত।
এই সিদ্ধান্তের ফলে স্পষ্ট হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে, আর এই অবস্থান থেকে আপাতত সরে আসছে না আইসিসি।