
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক টেস্ট সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম। সিরিজে ২৫৩ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেছেন, এই সাফল্য তার কাছে অনেক বড়, তবে কৃতিত্বটা পুরো দলের। তার মতে, প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিই বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রেখেছিল।
ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর তাঁর ১২৬ রানের ইনিংসই বাংলাদেশের ম্যাচে ফেরার ভিত্তি গড়ে দেয়। লিটন বলেছেন, কয়েকটি দ্রুত উইকেট পড়ার পর কী করবেন বুঝতে পারছিলেন না। অধিনায়কের সঙ্গে কথা বলে নিজের শক্তির জায়গায় ভরসা রাখেন তিনি। তার মতে, পরিস্থিতি বিবেচনায় এটি সম্ভবত ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি।
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হারের জন্য প্রথম তিন ইনিংসের ভুলগুলোকে দায়ী করেছেন। তার মতে, চতুর্থ ইনিংসে ৩৬০-এর কাছাকাছি রান করেও জিততে না পারার কারণ আগের সুযোগগুলো কাজে লাগাতে না পারা। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের শেষ চার উইকেটে রান করা এবং পাকিস্তানের সেট ব্যাটসম্যানদের বড় ইনিংস না খেলাকেই ম্যাচের বড় পার্থক্য হিসেবে দেখছেন তিনি।
সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। খুররম শাহজাদকে ফিরিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ৩৫৮ রানে থামিয়ে দিলেন তাইজুল ইসলাম। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে হারল পাকিস্তান। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
শেষ উইকেটটিও এল তাইজুলের হাত ধরে। তার লোভনীয় ফ্লাইটে বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন খুররম শাহজাদ। ৬ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।
ম্যাচজুড়ে দুর্দান্ত বোলিং করা তাইজুল দ্বিতীয় ইনিংস শেষ করলেন ৬ উইকেট নিয়ে। শেষ দিনে রিজওয়ান-সাজিদের প্রতিরোধ ভাঙার পর শেষ উইকেট তুলে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন বাঁহাতি এই স্পিনার।
সিলেট টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাটাও সরিয়ে দিলেন শরিফুল ইসলাম। সেঞ্চুরির পথে থাকা মোহাম্মদ রিজওয়ানকে ৯৪ রানে ফেরালেন বাঁহাতি এই পেসার। শরিফুলের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রিজওয়ান। পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখা ইনিংসটি শেষ হলো ১৬৬ বলে ১০ চারে।
এর আগের ওভারেই সাজিদ খানকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। ২৮ রান করা সাজিদকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান তিনি। তাইজুলের উইকেট-মেইডেনের পরই শরিফুলের আঘাতে দ্রুত দুই উইকেট হারায় পাকিস্তান।